চট্টগ্রাম হালিশহরস্থ স্বনামধন্য সহশিক্ষা প্রতিষ্ঠান ফয়সাল’স একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ফয়সালের সার্বিক তত্বাবধানে সাউথ এশিয়ান কলেজের ইংরেজি প্রভাষক নেজাম উদ্দিনের উপস্থাপনায় নগরীর হালিশহর এলাকায় অবস্থিত গ্রান্ড তাসফিয়া কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী এবং শিক্ষা অনুরাগীগণ।
অনুষ্ঠানের প্রথম পর্বে কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং প্রতিটি ক্লাসের শিক্ষার্থীর মধ্য থেকে বেশ কজন প্রতিষ্ঠানটি নিয়ে তাদের অনুভুতি প্রকাশ করেন। পরে ছাত্র-ছাত্রীদের মেধা ও সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে বার্ষিক পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সাংস্কৃতিক নৈপুণ্যে পুরো আয়োনটি এক আনন্দময় উৎসবে পরিণত হয়। প্রতিষ্ঠানের পরিচালক তার বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হয়ে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও ফ্রিল্যান্সিং এবং ক্যারিয়ার বিষয়ে গাইডলাইন দেন Faymark360 এর এক্সিকিউটিভ ডিরেক্টর আবু জায়িদ।
২য় পর্বে পুরস্কার বিতরণী শেষে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের পর উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। মনোরম সজ্জা আর সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
একাডেমি কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের সমন্বিত আয়োজনের ব্যবস্থা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি
