১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, ৫ আগস্টের পর বৈষম্যহীন দেশ গড়ার যে শপথ রাজনৈতিক দলগুলো নিয়েছিল, তাদের মধ্যে কিছু দল সেই শপথ ভুলে গিয়ে অতীতের স্বৈরাচারের পথে আবারও হাঁটছে।
পিরোজপুরেও নতুন করে কিছু চাঁদাবাজ ও সন্ত্রাসীর সৃষ্টি হয়েছে। তারা নতুন করে আউয়াল-মালেক হতে চায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, পিরোজপুরের মাটিতে নতুন করে আউয়াল-মালেক সৃষ্টি হতে দেওয়া হবে না।”
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে পিরোজপুর টাউন স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের শুরুতে ২০২৭-২৮ সেশনের জন্য জেলা আমির নির্বাচনে জেলার ৬৭২ জন নারী ও পুরুষ রুকন গোপন ব্যালটে ভোট দেন।
এমপি মাসুদ সাঈদী বলেন, “আমাকে নাকি নির্বাচনের পর আর এলাকায় দেখা যায়নি। যেসব নেতা এ কথা বলেন, তাঁরা আমার পাশে বসেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। আবার অনেক নেতা রাতে আমার কাছে এসে টিআর-কাবিখার জন্য আবেদন করেন। তাঁরাই বলেন, আমাকে নাকি এলাকায় পাওয়া যায় না। এটি সম্পূর্ণ অপপ্রচার।”
তিনি আরও বলেন, “আমি অনুরোধ করে বলতে চাই, যাঁরা রাজনীতিবিদ, তাঁরা রাজনীতির ভাষায় কথা বলবেন। আর যাঁরা সাংবাদিক, তাঁরা সাংবাদিকতার জায়গা থেকে কথা বলবেন। সাংবাদিকতা করবেন, আবার রাজনীতির নামে নোংরামি করবেন—এটা পিরোজপুরে চলবে না।”
কথিত কিছু সাংবাদিকের সমালোচনা করে মাসুদ সাঈদী বলেন, “কিছু মানুষ সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে রাজনীতি করছেন। তাঁদের অনুরোধ জানাই, রাজনীতির মাঠে নেমে রাজনীতি করুন। সাংবাদিকতার এই পবিত্র পেশাকে কলুষিত করবেন না।”
তিনি আরও বলেন, “আমরা পিরোজপুরের মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ জেলা ও দেশ গড়ার আন্দোলন করছি। আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকি। সব ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে। পিরোজপুরের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাই, আসুন, আমরা গঠনমূলক রাজনীতি করি। আওয়ামী লীগ নোংরা রাজনীতি করেছে। আপনারাও যদি একই রাজনীতি করেন, তাহলে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির পার্থক্য কোথায়?”
বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরে মাসুদ সাঈদী বলেন, গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে সঠিক পথে পরিচালিত করতে এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চায় জামায়াতে ইসলামী। দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন। বিরোধী দলে থেকেও ছায়া সরকার হিসেবে ভূমিকা রেখে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের পরিচালনায় জেলা আমির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব। সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির ও বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যাপক শাহ আলম।
অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “এই ভোট ছিল জেলা মজলিসে শুরার প্রতিনিধি নির্বাচনের জন্য। জামায়াতে ইসলামী সুষ্ঠুভাবে এ নির্বাচন পরিচালনা করছে। আমরা ৮৫ বছর ধরে এভাবে নির্বাচন করে আসছি। এ নির্বাচনে কোনো প্রচার-প্রচারণা, দলাদলি বা গ্রুপিং নেই। জামায়াতে ইসলামী এমন একটি গণতান্ত্রিক ও পরিচ্ছন্ন দল।”

নোয়াখালীতে বিএনপি নেতার জমি দখল ও চলাচলের পথ বন্ধের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে