বিএনপি দেশের উন্নয়ন ও বৈদেশিক অর্থনীতিতে অবদান রাখতে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চায়— বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।
রোববার (২২ মার্চ) সকাল ১১টার দিকে বরগুনা সদর উপজেলার ভারানীর খালের পাড়ে ক্রোক খাল ও শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
এ সময় তিনি বলেন, একটি দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে আমরা বৈদেশিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো। এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বিএনপি।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে প্রায় ৩২ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে, যা দিয়ে একাধিক জাতীয় বাজেট বাস্তবায়ন সম্ভব ছিল।
আরও পড়ুন: সবার মাস্টার্স ডিগ্রি অর্জনের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, পর্যায়ক্রমে বরগুনার সব খাল পুনর্খনন করা হবে এবং যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকার গুরুত্ব দিচ্ছে। বরগুনায় একটি ইকোনমিক জোন স্থাপন করা গেলে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ তছলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত-ই-খুদা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা জানান, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বরগুনায় এই খাল পুনর্খনন কার্যক্রম শুরু হয়েছে।
