শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

চট্টগ্রামে বিএনপির মিছিলে দফায় দফায় সংঘর্ষ, কিরিচ-রামদা প্রদর্শনের অভিযোগ

Icon প্রথম সমাচার ডেস্ক

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন থানা ও ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। তবে সেই কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে দলীয় নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে দুই দফায় উত্তেজনা, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কিরিচ, রামদা ও লোহার রড নিয়ে হামলার অভিযোগ উঠেছে একটি পক্ষের বিরুদ্ধে। এতে মিছিলটি পণ্ড হয়ে যায় বলে জানা গেছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পশ্চিম ষোলোশহর ৭ নম্বর ওয়ার্ড ও পাঁচলাইশ থানা বিএনপির উদ্যোগে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতাকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, মিছিলটি আমিন কলোনি থেকে শুরু হয়ে আতুর ডিপু এলাকায় পৌঁছালে প্রথম দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সবুজের অনুসারীদের সঙ্গে পাঁচলাইশ থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত মোহাম্মদ ইকবালের নেতাকর্মীদের বিরোধ দেখা দেয় বলে অভিযোগ রয়েছে।

পরে মিছিলটি বিবিরহাট এলাকায় পৌঁছালে দ্বিতীয় দফায় আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

স্থানীয় কয়েকজন নেতাকর্মীর অভিযোগ, মিছিল চলাকালে ইকবালের অনুসারীরা কিরিচ, রামদা ও লোহার রড নিয়ে হামলা চালান। তাঁদের দাবি, পেছন থেকে অতর্কিত হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিবিরহাট এলাকায় দ্বিতীয় দফায় হামলা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই সঙ্গে দলীয় কর্মসূচিতে এমন ঘটনা বিএনপির অভ্যন্তরীণ ঐক্য ও শৃঙ্খলা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।

স্থানীয় কয়েকজন নেতাকর্মীর অভিযোগ, ইকবাল ও তাঁর অনুসারীরা আওয়ামী লীগ সরকারের আমলে পশ্চিম ষোলোশহর ৭ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর মোবারক আলীর অনুসারী ছিলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁদের বিএনপির ভেতরে অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সবুজ বলেন, তাঁদের মিছিলে পেছন থেকে অতর্কিত হামলা চালানো হয়। পরে বিবিরহাট এলাকায় দ্বিতীয় দফায় হামলার পর মিছিলটি পণ্ড হয়ে যায়।

হামলাকারীরা মনির চৌধুরীর অনুসারী ইকবালের নেতাকর্মী কি না-এমন প্রশ্নের জবাবে সবুজ বলেন, অস্ত্রধারীরা কোন পক্ষের, তা তিনি এখনো নিশ্চিত নন।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, শুক্রবার বিএনপির ওই মিছিলের বিষয়ে তিনি জানতেন না। সংঘর্ষের বিষয়েও তাঁর কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি।

এদিকে, পাঁচলাইশ থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির চৌধুরীর বক্তব্য জানতে মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com