ব্রাহ্মণবাড়িয়াবাসীর দীর্ঘদিনের গ্যাস সংকট ও জনদুর্ভোগ নিরসনে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে আলোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে তিনি শহরের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ ও সরবরাহজনিত সমস্যার দ্রুত সমাধানের বিষয়ে আলোচনা করেন।
দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। প্রয়োজনীয় সময়ে গ্যাস না পাওয়া এবং সরবরাহের চাপ কম থাকায় অনেক পরিবারকে রান্নাবান্না করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে কর্মজীবী মানুষসহ নারী ও শিশুদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিকল্প হিসেবে এলপিজি গ্যাস ব্যবহার করতে গিয়ে বাড়তি ব্যয়ের চাপও সামলাতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে।
জনগণের এই দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
আলোচনা শেষে শহরের ভাদুঘর, কাউতুলি, কলেজপাড়া, শিমরাইলকান্দিসহ আশপাশের এলাকাগুলোতে গ্যাস সরবরাহের সমস্যা দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। এ ছাড়া কাউতুলি এলাকায় প্রায় ২০ ফুট গভীরে পাইপ স্থাপনের মাধ্যমে গ্যাসের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
সংশ্লিষ্ট উদ্যোগগুলো বাস্তবায়িত হলে এসব এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঘোষিত উদ্যোগের যথাযথ বাস্তবায়ন এখন সময়ের দাবি।
জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের এ উদ্যোগকে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গ্যাস সংকটের কার্যকর সমাধান হলে ব্রাহ্মণবাড়িয়াবাসীর দৈনন্দিন জীবনে স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি মধুপুর পীরের