বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Logo
×

’তারেক রহমান ও বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে মূল্যায়ন করে’

Icon প্রথম সমাচার ডেস্ক

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে মূল্যায়ন করেন এবং সারা দেশের মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছেন বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

বুধবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

বুধবার সকাল ১১টা থেকে সংসদ সদস্য ও জেলা প্রশাসক উপজেলার ভবেরচর মধ্যপাড়া শ্রীশ্রী দুর্গা মন্দির, দক্ষিণপাড়া শ্রীশ্রী দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। তারা পূজার আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্গোৎসব ঘিরে প্রশাসনের নেওয়া নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেন, তারেক রহমান ও বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে মূল্যায়ন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় তারেক রহমান আজ একটি নজির স্থাপন করেছেন।

তিনি আরও বলেন, ‘সারা বাংলাদেশের মানুষ দেখেছে, হিন্দু সম্প্রদায়ের মানুষও আজ তা স্বীকার করছেন। শুধু রাজশাহী, রংপুর বা চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশকে সম্প্রীতির বন্ধনে এক সুতোয়, এক মালায় গেঁথেছেন তিনি।’

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সর্বজনীন সামাজিক উৎসব ও অসাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। মুন্সীগঞ্জে যোগদানের পর একাধিক উপজেলায় দুর্গোৎসবে অংশ নিলেও গজারিয়ায় এবারই প্রথম এসেছেন বলে জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, পূজামণ্ডপগুলোতে মানুষের মুখে আনন্দের ছাপ দেখে বোঝা যাচ্ছে, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। প্রতিমা বিসর্জনের সময় সরকারি নির্দেশনা ও নির্ধারিত সময় মেনে চলার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, সংসদ সদস্যের সহধর্মিণী নুরে জান্নাত রৌশনী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, বিএনপি নেতা আসলামুজ্জোহা চৌধুরী তপন ও নুরুল আমিন সরকার, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক প্রদীপ রাজবংশীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সনাতন ধর্মাবলম্বী নেতারা।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com