লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে জুয়েল হোসেন নিরব নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগে ছাত্রদল নেতা আব্দুর রহমান শাহেদকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে উত্তর তেমুহনী থেকে শাহেদকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও দালালবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণি ছাত্রদলের সাবেক আহ্বায়ক।ভুক্তভোগী জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাহাপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।
জানা গেছে জুয়েলকে পেটানোর ঘটনায় সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শাহেদকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়। একই দিন রাতে জুয়েলের বাবা শাহজাহান বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। এতে শাহেদসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, একটি মোবাইল ফোন বেচাকেনা নিয়ে জুয়েল ও শাহেদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় রোববার রাতে সাহাপুর এলাকায় বৈঠক হয়। সেখানে জুয়েলের ওপর হামলা করা হয়। এসময় তাকে লাঠি দিয়ে পেটানো হয়। সেখান থেকে রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য গেলে শাহেদের নেতৃত্বে ফের হামলা হয়। এসময় জুয়েলকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপির ছেলে মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার
১১ দলের ঐক্য শুধু আমাদের নয়, এটি জনগণের ঐক্য: মামুনুল হক
আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়: নাহিদ ইসলাম