২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠার হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) শহরের দরগা রোডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, সদর থানা আমির অ্যাডভোকেট নাজিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট ছাইদুল ইসলাম, পৌর আমির মো. আব্দুল লতিফ, পৌর সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিলের আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহিনুর আলম ও জেলা সেক্রেটারি মো. জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা।
সমাবেশে অধ্যক্ষ শাহিনুর আলম বলেন, সেই দিনের হুকুমের আসামি ছিলেন শেখ হাসিনা। তিনি দুই দিন আগেই ঢাকার জনসভায় বলেছিলেন, লগি-বৈঠা নিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকেই ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছিল। এর পরিণতি হিসেবে জাতিকে দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদের বোঝা বহন করতে হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে জামায়াতের সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অত্যন্ত নৃশংসভাবে হামলা চালান। রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাদের ছয়জন সহযোদ্ধাকে শহীদ করা হয় বলে তিনি দাবি করেন। পরবর্তী সময়ে আরও ১৪ জনের শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি কালো অধ্যায়ের সূচনা হয় বলে মন্তব্য করেন তিনি।

স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় জামায়াতে আমিরের শোক
আ. লীগ সরকার গায়েব করা ২৮ অক্টোবরের মামলা পুনরুজ্জীবিত করতে হবে: শিবির সভাপতি
ভোটারদের ৫০০ থেকে ১ হাজার টাকা দিচ্ছে বিএনপি, অভিযোগ জামায়াত প্রার্থী দেলাওয়ারের