বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Logo
×

বাংলাভিশনের সাংবাদিক ইলিয়াছকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও হুমকি, থানায় জিডি

Icon প্রথম সমাচার ডেস্ক

মো. ইলিয়াছ মাহমুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার, মানহানিকর পোস্ট প্রকাশ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সুত্রে জানা যায়, শরীয়তপুরের সখিপুরের উত্তর তারাবুনিয়া এলাকার নাজমুল সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে ফেসবুক বুস্ট করার সার্ভিস দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের উদ্দেশ্যে প্রাথমিক তথ্য সংগ্রহ করছিলেন তিনি। এ খবর পেয়ে ওই ব্যক্তি কয়েকটি ফেসবুক আইডি থেকে তাঁর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে বলে অভিযোগ করেন তিনি।

ইলিয়াছ মাহমুদের অভিযোগ, কয়েকটি ফেসবুক পেজে তাঁর পেশাগত পরিচয় জড়িয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট প্রকাশ করা হয়েছে। এসব পোস্টের বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে কথা বলতে অভিযুক্তের ভাই মিলন সরদারের নম্বরে ফোন করেন ইলিয়াছ মাহমুদ। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এতে নিজের ব্যক্তিগত ও পেশাগত নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন এই সাংবাদিক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়ে নড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ইলিয়াছ মাহমুদ।

এ বিষয়ে অভিযুক্ত নাজমুল ও মিলনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে সাংবাদিক ইলিয়াছ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com