মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
Logo
×

আওয়ামীপন্থি গার্মেন্টস মালিকরা কর্মীদের উসকিয়ে মাঠে নামিয়েছেন: রাশেদ খাঁন

Icon প্রথম সমাচার ডেস্ক

আওয়ামীপন্থি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকরা কর্মীদের উসকানি দিয়ে মাঠে নামিয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। এ বিষয়ে সরকারের কাছে স্পষ্ট তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি।

আজ সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি বলেন, গাজীপুরে পুলিশের তিনটি গাড়িতে আগুন দেওয়া ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, বিভিন্ন স্থানে বাস ও গার্মেন্টস শিল্পপ্রতিষ্ঠানে আগুন এবং সরকারি স্থাপনায় ভাঙচুরÑএসব কি শ্রমিক আন্দোলন? যারা বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকার বিষয়ে প্রশ্ন তুলছেন, তারা শ্রমিক আন্দোলনের মধ্যে ঢুকে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস মোকাবিলায় জামায়াত-এনসিপি মাঠে নেই কেন, সে প্রশ্ন তুলছেন না কেন? তাহলে কি রাজপথ আওয়ামী লীগের দখলে নেওয়ার জন্য সুশীলতা দেখিয়ে উন্মুক্ত করে দিতে হবে?

রাশেদ খাঁন জানান, সরকারের কাছে স্পষ্ট তথ্য রয়েছে যে আওয়ামীপন্থি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকরা কর্মীদের উসকানি দিয়ে মাঠে নামিয়েছেন। ডিসেম্বর মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, এ ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বরং গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে জামায়াত-এনসিপিকে উসকানি না দিয়ে দেশ বাঁচাতে মাঠে নামার আহ্বান জানাবেন তিনি।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র মানে আরেকটি ১/১১ সৃষ্টির অপচেষ্টা। এই অপচেষ্টা রুখে দেওয়া সবার দায়িত্ব কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। ডিসেম্বরকে কেন্দ্র করে পতিত শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় আবারও বাংলাদেশপন্থি শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, রাজপথ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। রাজপথ কখনো শূন্য থাকে না, কেউ না কেউ তা দখলে নেয়। বিএনপি দখলে রাখতে না পারলে ফাঁকা মাঠ ষড়যন্ত্রকারীরা দখলে নিয়ে নেবে।

আওয়ামী লীগের পাতা ফাঁদে পা না দিতে সাধারণ শ্রমিকদের প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিএনপি সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com