বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর মতবিনিময়:এসএসসি পরীক্ষায় নকল রোধে কড়াকড়ি নির্দেশনা

প্রথম সমাচার ডেস্ক ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে সার্বিক প্রস্তুতি জোরদার করতে ময়মনসিংহে কেন্দ্রসচিবদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।

সভায় ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিব, প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা অংশ নেন। আসন্ন পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজন নিশ্চিত করতে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নকল প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, কোনো অবস্থাতেই অনিয়ম বা নকলের সুযোগ দেওয়া যাবে না। পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সুষ্ঠু পরীক্ষা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি কেন্দ্রসচিবদের দায়িত্ব পালনে কঠোরতা বজায় রাখার পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি অবলম্বনের আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী কেন্দ্রসচিব ও কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন পরামর্শ দেন। প্রশাসনের পক্ষ থেকেও পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

এ মতবিনিময় সভার মাধ্যমে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে এবং আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করা হয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...