মসজিদে গিয়ে নামাজ পড়ি,
মোনাজাতে বেহেস্ত খুঁজি
যুগ পেরিয়ে জানলাম আমি,
নামাজ আদায় সহীহ হচ্ছে না|
দান করছি, যাকাত দিচ্ছি,
লোকেদের বাহবা পাচ্ছি,
জান্নাত পাবো ভেবে রেখেছি,
হঠাৎ একদিন জানলাম,
লোক দেখানো,
দান যাকাতে বেহেস্ত মিলে না|
অনেক টাকার বাহাদুরি,
ভাবলাম এবার হজ্বটা করি,
হজ্বে নাকি মাফ হয়ে যায়,
সমস্ত গুনাহ|
হজ্ব শেষে বাড়ী ফিরে,
নামের আগে হাজী লাগালাম,
লোকে আমায় হাজী না বললে,
ভালো লাগে না|
নামাজ পড়ি, রোজা রাখি
যাকাত দেই, দান করি,
পাঞ্জাবী টুপিতেও বাহাদুরি
তবুও বেহেস্ত আমার, পাওয়া হচ্ছে না|
বৃদ্ধা মা গায়ের বল হারিয়ে,
বিছানায় থাকছে শুয়ে,
আগের মতো নিজের কাজ,
নিজে করতে পারে না|
মসজিদের ইমাম সাহেব,
জানালেন মিষ্টি হেসে
বেহেস্ত যদি চাও পেতে
সেবা করো সর্বদা,
থাকো মায়ের পাশে|
আমিও তাই, দিন রাত্রী,
মায়ের সেবা করে যাচ্ছি,
স্ত্রী পুত্র কন্যারাও, বাদ যাচ্ছে না|
মায়ের পাশে যতই থাকছি,
মনের মাঝে শান্তি পাচ্ছি
মুহুর্তেই উড়ে গেলো,
জীবন জুড়ে ছিল যত, দুঃখ বেদনা|
সারা জীবন বেহেস্ত চাইলাম,
খুঁজে তবুও নাহি পেলাম,
মায়ের সেবায় পেলাম শেষে,
সুখের ঠিকানা|
