রোববার, ১৫ নভেম্বর ২০২৬
Logo
×

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

Icon প্রথম সমাচার ডেস্ক

তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-এর আন্তর্জাতিক মঞ্চে তারা এই দাবি জোরালোভাবে তুলে ধরেন।

স্থানীয় সময় শনিবার তুরস্কের COP31 সম্মেলনের ব্লু জোনে ‘The Coastal Frontline: Accelerating Science-Based Solutions and Cooperation for Coastal Resilience’ শীর্ষক সাইড ইভেন্টের ‘Voices from the Frontline’ পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জাগ্রত যুব সংঘের (জেজেএস) নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন, উপকূলীয় শিশু ফোরামের সভাপতি নাওশীন ইসলাম এবং ফোরামের সেক্রেটারি ও ক্লাইমেট অ্যাক্টিভিস্ট নুর আহমদ জিদান। সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ০৫ মিনিট পর্যন্ত GORDIYON-এর Side Event Room 1-এ এই আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জলবায়ু বাস্তবতা এবং সংকট মোকাবিলায় শিশু ও তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ তীব্র ঝুঁকির মুখে পড়ছে। এসব সংকট মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে গৃহীত নীতি ও পরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও মতামতের প্রতিফলন জরুরি।

জাগ্রত যুব সংঘের নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন তার বক্তব্যে বলেন, উপকূলের মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিনিয়ত মোকাবিলা করছে। তাদের অভিজ্ঞতা, প্রয়োজন ও প্রত্যাشাকে বিবেচনায় না নিয়ে কার্যকর জলবায়ু পরিকল্পনা তৈরি করা সম্ভব নয়। স্থানীয় পর্যায়ের বাস্তব অভিজ্ঞতাকে আন্তর্জাতিক নীতিনির্ধারণী আলোচনায় গুরুত্ব দিতে হবে।

উপকূলীয় শিশু ফোরামের সভাপতি নাওশীন ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব শিশুদের বর্তমান জীবন ও ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করছে। অথচ নীতি ও পরিকল্পনা প্রণয়নের সময় শিশুদের মতামত অনেক ক্ষেত্রেই যথাযথ গুরুত্ব পায় না। আমরা চাই, জলবায়ু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি পর্যায়ে শিশুদের কণ্ঠস্বর শোনা হোক এবং তাদের জন্য নিরাপদ ও জলবায়ু সহনশীল ভবিষ্যৎ নিশ্চিত করা হোক।

অন্যদিকে উপকূলীয় শিশু ফোরামের সেক্রেটারি ও ক্লাইমেট অ্যাক্টিভিস্ট নুর আহমদ জিদান বলেন, "উপকূলের শিশু ও তরুণেরা জলবায়ু সংকটের বাস্তবতা খুব কাছ থেকে অনুভব করছে। তারা শুধু এই সংকটের শিকার নয়, বরং তা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সক্ষমতাও রাখে। তাই তরুণদের শুধু আলোচনার অংশ হিসেবে নয়, সিদ্ধান্ত গ্রহণ ও সমাধান তৈরির প্রক্রিয়ায়ও যুক্ত করতে হবে।"

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল বিজ্ঞানভিত্তিক সমাধান, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের সহনশীলতা বৃদ্ধি। এতে জলবায়ু ঝুঁকির বৈজ্ঞানিক বিশ্লেষণ, ন্যায়সংগত জ্বালানি রূপান্তর এবং তথ্যের ভিত্তিতে নীতিনির্ধারণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক উদ্যোগের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন, জীবিকা ও পরিবেশ সুরক্ষায় তাঁদের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া এবং শিশু ও তরুণদের জলবায়ু অধিকার ও নেতৃত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি। COP31-এর এই আসরে বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় উপকূলের মানুষের প্রতিনিধিত্বের বিষয়টি নতুন করে সামনে এল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com