প্রথম সমাচার ডেস্ক:
নগরীর জলাবদ্ধতা নিরসন, পানির স্বাভাবিক প্রবাহ বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধের লক্ষে কোনাপাড়া-কদমতলা খাল (ডিএনডি খাল, ডিএল-৩) পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সোমবার খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় তিনি নিজে উপস্থিত থেকে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম তদারকি করেন।
ডিএসসিসির অঞ্চল-৯-এর ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া ব্রিজ থেকে ফার্মের মোড় হয়ে কদমতলা পর্যন্ত বিস্তৃত খালটির দৈর্ঘ্য ১ দশমিক ৭২০ কিলোমিটার এবং গড় প্রস্থ ১২ ফুট। প্রায় দুই মাসব্যাপী এ কর্মসূচির আওতায় খালটি থেকে ৮ হাজার ৯২৫ ঘনমিটার বর্জ্য ও স্লাজ অপসারণ করা হবে। পাশাপাশি খালের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় দুই পাড়ে বৃক্ষরোপণ করা হবে।
ডিএসসিসি জানায়, এ কার্যক্রম বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার প্রায় ২ লাখ ৫০ হাজার নগরবাসী সরাসরি উপকৃত হবেন। একই সঙ্গে এলাকার জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন শাখা খালসহ মোট ২৬টি খালের মধ্যে ২২টি খাল নিজস্ব অর্থায়নে খননের উদ্যোগ নেওয়া হয়েছে। অবশিষ্ট চারটি খালের পুনঃখনন ও উন্নয়নকাজ চলমান প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, ‘আমি নাগরিকদের কাছে দুটি বিষয়ে সার্বিক সহযোগিতা চাই। প্রথমত, সিটি করপোরেশন সঠিকভাবে খাল খনন ও পরিষ্কারের কাজ করছে কি না, তা আপনারা স্থানীয়ভাবে তদারকি করবেন। কোনো গাফিলতি চোখে পড়লে আমাদের জানাবেন।’
অতীতে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাজ জনগণকেই বুঝে নিতে হবে।

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মির্জাপুরে মানববন্ধন
মুরাদনগরে প্রাক্তণ স্বামীর ছুরিকাঘাতে নারী খুন
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার