তবে জামিনের বিরোধিতা করে অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজা থাকরে বলেন, অপরাধের ভয়াবহতা বিবেচনায় নিয়ে বিচারিক আদালত ও হাইকোর্ট প্রাসঙ্গিক সব প্রমাণ পর্যালোচনা করেই তাদের সাজা দিয়েছেন।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট বলেন, আসামিদের দীর্ঘদিন কারাবন্দি থাকা, তাদের একজনের গুরুতর প্রতিবন্ধকতা এবং আপিলে তথ্য ও আইনের বিভিন্ন বিষয় নিষ্পত্তির প্রয়োজন রয়েছে। এসব বিবেচনায় তাদের সাজা স্থগিত করা হলো। বিচারিক আদালত নির্ধারিত শর্তে তাদের জামিন কার্যকর হবে। পরবর্তী সময়ে আপিলের শুনানির দিন ধার্য করা হবে।
ভারতীয় দণ্ডবিধির বেআইনি সমাবেশ, দাঙ্গা, হত্যা ও সংঘবদ্ধ ধর্ষণসংক্রান্ত ধারায় ওই দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
২০০২ সালের মার্চে গুজরাটের দাহোদ জেলার রণধিকপুর গ্রাম থেকে পরিবারের সদস্য ও অন্য কয়েকজন মুসলিমের সঙ্গে পালিয়ে যাচ্ছিলেন বিলকিস বানো। তখন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রাজ্যজুড়ে ছড়িয়ে পড়া মুসলিমবিরোধী সহিংসতার মধ্যে অন্য একটি জেলায় যাওয়ার পথে হিন্দুত্ববাদী একটি উগ্র জনতা তাদের ওপর হামলা চালায়। এ সময় বিলকিস বানোকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। তার তিন বছর বয়সী মেয়েসহ পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়।
প্রথমে গুজরাট পুলিশ মামলাটি তদন্ত করলেও ২০০৩ সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (সিবিআই) দেন। গুজরাটে হুমকি ও নিরপেক্ষ বিচার না পাওয়ার আশঙ্কা প্রকাশ করেন বিলকিস। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার বিচার মহারাষ্ট্রে স্থানান্তর করেন সুপ্রিম কোর্ট।
২০০৮ সালে বিশেষ আদালত ১১ জনকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৯ সালে সুপ্রিম কোর্ট গুজরাট সরকারকে বিলকিস বানোকে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ, সরকারি চাকরি এবং তার পছন্দ অনুযায়ী বাসস্থান দেওয়ার নির্দেশ দেন।
তবে ২০২২ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে গুজরাট সরকার ওই ১১ আসামির সাজা মওকুফ করে মুক্তি দেয়। গোধরা উপকারাগার থেকে বের হওয়ার পর তাদের স্বজন ও ডানপন্থি হিন্দু সংগঠনের সদস্যরা ফুল-মিষ্টি দিয়ে বরণ করেন। তাদের পা ছুঁয়েও সম্মান জানানো হয়। এ ঘটনায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
সাজা মওকুফের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান বিলকিস বানো। ২০২৪ সালের ৮ জানুয়ারি আদালত ওই মুক্তির আদেশ বাতিল করেন। আদালত বলেন, মামলার বিচার মহারাষ্ট্রে হওয়ায় সাজা মওকুফের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার গুজরাট সরকারের ছিল না। রাজ্য সরকার অন্য রাজ্যের ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছিল। একই সঙ্গে ১১ জনকে কারাগারে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। পরে তারা আবার কারাগারে ফেরেন।
বিলকিস বানোর দীর্ঘদিনের ন্যায়বিচারের লড়াই গুজরাটের ২০০২ সালের মুসলিমবিরোধী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের বিচার ও দায়ীদের জবাবদিহির দাবির প্রতীকে পরিণত হয়েছে। ওই সহিংসতায় প্রায় দুই হাজার মানুষ নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন মুসলিম।
২০০২ সালে নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। ওই সহিংসতায় তার সরকারের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার
শাপলা চত্বরে গণহত্যা মামলার ১১ আসামি হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে
পুলিশ কর্মকর্তা থেকে মাদকসম্রাট বনে যাওয়া মেক্সিকোর গুয়াদালাহারা কার্টেল প্রতিষ্ঠাতার মৃত্যু