মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

৪০০ রান করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, হাসানের তিন উইকেটে আশা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

তাওহিদ হৃদয়ের পর লিটন দাসের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে রেকর্ড সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। ৪০০ রানের বড় পুঁজি নিয়ে বোলিংয়ে নেমে শুরুতেই উইকেট তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। কিন্তু এরপরই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন মার্কেস অ্যাকারম্যান। জুবায়ের হামজাকে নিয়ে গড়েন দুই শতাধিক রানের জুটি, নিজেও খেলেন ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস। তবে শেষ বিকেলে হাসানের জোড়া আঘাতে কিছুটা স্বস্তি ফিরেছে বাংলাদেশের শিবিরে। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন শেষে তাই জমে উঠেছে দুই দলের লড়াই।

সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪০০ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে ৬২ ওভারে ৪ উইকেটে ২৮৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে এখনো ১১৩ রানে পিছিয়ে স্বাগতিকেরা। ৫৪ বলে ১৯ রান নিয়ে অপরাজিত আছেন অধিনায়ক টেম্বা বাভুমা। তার সঙ্গে ৭ বলে ৭ রান করে ক্রিজে রয়েছেন রায়ান রিকেলটন।

দিনের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য ছিল দারুণ। প্রথম দিন ৮৪ ওভারে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে খেলা শেষ করেছিল সফরকারীরা। ১৩৮ বলে ৯২ রান নিয়ে অপরাজিত ছিলেন লিটন। দ্বিতীয় দিনে নিজের ইনিংসকে সেঞ্চুরিতে রূপ দেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার।

মার্কো ইয়ানসেনের করা দিনের চতুর্থ ওভারে বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কে পৌঁছে যান লিটন। টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেই করেন ব্যতিক্রমী উদ্‌যাপন। পকেট থেকে বের করেন একটি কাগজ। সেখানে লেখা, ‘Happy Birthday to my Princess. This 100 is for you!’ মেয়ের তৃতীয় জন্মদিনে পাওয়া সেঞ্চুরিটি তাকেই উৎসর্গ করেন তিনি।

তবে এরপর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। ডেন প্যাটারসনের শর্ট বল পুল করতে গিয়ে মিডউইকেটে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দেন। ১৭৯ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ১২০ রান করে ফেরেন তিনি।

লিটনের আগে দিনের প্রথম উইকেটটি হারায় বাংলাদেশ মেহেদী হাসান মিরাজের বিদায়ে। প্যাটারসনের বলে স্লিপে মুল্ডারের হাতে ক্যাচ দেওয়ার আগে ১৬ বলে ১০ রান করেন মিরাজ। এরপর লিটন ফিরলে ৩৭০ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

সেখান থেকে শেষ দুই উইকেটে আরও ৩০ রান যোগ করেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। বিশেষ করে হাসান ও তাসকিনের ২১ রানের নবম উইকেট জুটি দলকে চার শ রানের কাছে নিয়ে যায়। হাসান ২৪ বলে ১৬ রান করে প্যাটারসনের শিকার হন।

এরপর তাসকিনের ব্যাটে আসে চার শ রানের মাইলফলক। প্যাটারসনের বলে চার মেরে দলের সংগ্রহ ৪০০-তে নিয়ে যান এই পেসার। তবে পরের বলেই আউট হয়ে যান তিনি। ১৬ বলে ১৭ রান করে মুল্ডারের হাতে ক্যাচ দেন তাসকিন। ১০১ ওভার ২ বলে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com