মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

নারায়ণগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা মডেল থানাধীন উত্তর মাসদাইর এলাকায় রাতের আঁধারে হেলমেট পরা দুর্বৃত্তরা বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে গাবতলী রোডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করতে দুটি দল গঠন করে তদন্ত শুরু করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর মাসদাইর আমানা গার্মেন্টসসংলগ্ন গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের একটি টিনের তৈরি অস্থায়ী কার্যালয় রয়েছে, যা স্থানীয়ভাবে ‘বিএনপি ক্লাব’ নামে পরিচিত।

রোববার দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত সেখানে আসে। এর মধ্যে একটি মোটরসাইকেলের দুজন আরোহী কার্যালয়ের সামনে পাহারায় থাকেন। অপর মোটরসাইকেল থেকে হেলমেট পরা এক ব্যক্তি নেমে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন এবং প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দিয়ে মোটরসাইকেলে করে প্রধান সড়ক হয়ে পালিয়ে যান।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন জানান, যেখানে আগুন দেওয়া হয়েছে, সেটি সরাসরি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যালয় নয়; স্থানীয় বিএনপির কিছু নেতা সেখানে বসে আলাপ-আলোচনা করতেন। তারপরও পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, এটি তাদের আনুষ্ঠানিক কোনো দলীয় কার্যালয় নয়, তবে সেখানে দলের কিছু নেতাকর্মী নিয়মিত বসেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com