প্রথম সমাচার ডেস্ক:
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার এক বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করেছে দলের জুলাই গণঅভ্যুত্থান সেল।
সোমবার (১৬ নভেম্বর) দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আলোচনায় অংশ নেবেন— এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার ও নুসরাত তাবাসসুম।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেবেন।
জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। বাংলাদেশ সরকার তাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে।

রামপুরায় আ. লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
রাবিতে নতুন কর্মসূচি ঘোষণা আম্মারের
জাতীয়করণ হওয়া কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের জন্য মাউশির জরুরি নির্দেশনা