মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

সেনার খোঁজে দুই দশক ধরে ইরানে মোসাদের অভিযান, দুই জেনারেলকে অপহরণের অভিযোগ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

চার দশক আগে লেবাননে নিখোঁজ হয়েছিলেন ইসরায়েলের বিমানবাহিনীর কর্মকর্তা রন আরাদ। তাকে খুঁজতে গিয়ে দুই দশকের ব্যবধানে ইরানের দুই জেনারেলকে অপহরণের অভিযোগ উঠেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে। এর মধ্যে একজনকে কয়েক সপ্তাহ জিজ্ঞাসাবাদের পর হত্যা করে তার মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। কয়েক ডজন ইসরায়েলি, ইরানি ও মার্কিন কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালে ইরানের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক কর্মকর্তা আলিরেজা আসগারিকে তুরস্কের ইস্তাম্বুলের একটি হোটেল থেকে অপহরণ করা হয়। তিন সাবেক মার্কিন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে জানান, মোসাদের এজেন্টরা তাকে অপহরণ করে একটি নৌযানে কয়েক সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ করেন। তাদের মূল লক্ষ্য ছিল, রন আরাদ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় কি না।

কিন্তু আসগারির কাছ থেকে আরাদের বিষয়ে কোনো তথ্য না পেয়ে তাকে হত্যা করা হয় বলে ওই কর্মকর্তারা দাবি করেছেন। পরে তার মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয়। তবে আসগারির নিখোঁজ হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।

এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ইরানের আরেক জেনারেল আবদুল্লাহ সাবেরিকে অপহরণের অভিযোগ ওঠে মোসাদের বিরুদ্ধে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এক সকালে হাঁটতে বের হলে পণ্য সরবরাহকারীর ছদ্মবেশে থাকা ইসরায়েলি গোয়েন্দারা তাকে আটক করেন। তাদের সঙ্গে ছিল বড় একটি ফ্রিজের বাক্স। সাবেরিকে ওষুধ প্রয়োগ করে অচেতন করার পর মাথায় বাক্স চাপিয়ে একটি সাদা ভ্যানে তুলে নেওয়া হয়।

ইরানি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সাবেরিকে ইসরায়েলে নিয়ে গিয়ে রন আরাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ছেড়ে দেওয়া হয়। পরে সাবেরি দাবি করেন, জিজ্ঞাসাবাদের সময় তার ওপর নির্যাতন চালানো হয়েছিল। ওই সময় মোসাদের প্রধান ডেভিড বারনিয়া এ ধরনের একটি অভিযান অনুমোদনের কথা স্বীকার করেছিলেন। তবে অভিযানটি সফল হয়নি বলে জানান তিনি।

১৯৮৬ সালের ১৬ অক্টোবর দক্ষিণ লেবাননে এক সামরিক অভিযানের সময় ইসরায়েলের একটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হলে সেটি থেকে বেরিয়ে আসেন রন আরাদ। পরে তিনি লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী আমালের হাতে আটক হন। এরপর তার ভাগ্যে কী ঘটেছিল, তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা তথ্য ও ধারণা সামনে এসেছে। ২০০৮ সালে ইসরায়েল তাকে মৃত ঘোষণা করে। তবে তার মরদেহের সন্ধান আজও মেলেনি।

ইসরায়েলের ধারণা ছিল, আমালের কাছ থেকে আরাদকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হাতে তুলে দেওয়া হয়েছিল। এ ধারণার ভিত্তিতে দীর্ঘদিন ইরানের সংশ্লিষ্টতা খুঁজেছে ইসরায়েল।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com