মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

আ. লীগের নাশকতায় ‘দৃশ্যমান কিছু করব, সরকার তো সে সুযোগটা দিচ্ছে না: জামায়াত

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশে সহিংসতা ও নাশকতা চালাচ্ছে। গোপালগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়, বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রকাশ্যে বিএনপি নেতাদের মারধরের অভিযোগও রয়েছে। অন্যদিকে জুলাই আন্দোলনের সম্মুখসারির জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাও নিয়মিত হত্যা ও হামলার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করছেন।

এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে বিএনপি ও এনসিপি। বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করছে, অন্যদিকে প্রতিরোধের ডাক দিয়েছে এনসিপি। তবে আওয়ামী লীগের সহিংসতা ও নাশকতার অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামীর দৃশ্যমান কোনো রাজনৈতিক পদক্ষেপ না থাকায় প্রশ্ন উঠেছে দলটির ভূমিকা নিয়ে।

কেন জামায়াতের এমন নীরবতা—এমন প্রশ্নের জবাবে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বলেছেন, ‘দৃশ্যমান কিছু করব, সরকার তো সে সুযোগটা দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, বিচার দৃশ্যমান হলে ঐক্যের ভিত্তি তৈরি হতো।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সরকার সহযোগিতা চাইলে কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জাতীয় স্বার্থে মাঠে থাকবে জামায়াত।

হামিদুর রহমান আযাদ বলেন, শুরু থেকেই বিষয়গুলো কঠোর হাতে দমন করা হয়নি। এখানে সরকারের চরম ব্যর্থতা রয়েছে। সেই ব্যর্থতার দায় এখন পুরো জাতিকে বহন করতে হচ্ছে। সরকার এ ক্ষেত্রে অনেকটা নীরব ভূমিকা পালন করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, তা যথেষ্ট পরিমাণে নেওয়া হয়েছে বলে দৃশ্যমান নয়।

আওয়ামী লীগ প্রশ্নে জামায়াতের অবস্থান অস্পষ্ট—এমন অভিযোগ করে আসছেন বিএনপির অনেক নেতা। দলটির সঙ্গে জামায়াতের গোপন আঁতাত রয়েছে বলেও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তবে জামায়াতের দাবি, আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ ভিত্তিহীন; বরং সরকারই পতিত শক্তির সঙ্গে সমঝোতা করেছে।

এ বিষয়ে হামিদুর রহমান আযাদ বলেন, সরকার দায় এড়াতে উল্টো জামায়াতের দিকে আঙুল তুলছে। তিনি বলেন, ‘এই আওয়ামী লীগের হাতে আমাদের পাঁচজন নেতার ফাঁসি হয়েছে, অসংখ্য নেতা জেলবন্দী হয়ে মারা গেছে। হামলা-মামলার শিকার হয়েছে। আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে। সেই দল আওয়ামী লীগের সঙ্গে জামায়াত আঁতাত করবে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।’

আওয়ামী লীগের সম্ভাব্য সহিংসতা মোকাবিলায় ঢাকা মহানগর জামায়াতের নেতা-কর্মীদের প্রস্তুতি ও নির্দেশনা কী—এমন প্রশ্নে উত্তর ও দক্ষিণ শাখার নেতারা জানিয়েছেন, যেকোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে ওয়ার্ড ও শাখা কমিটিগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com