মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

কিশোর মোতালিব হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব নিহতের ঘটনায় করা হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে সাঈদ খোকনের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পলাতক আসামিদের অবস্থান শনাক্ত, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় উদ্‌ঘাটন এবং তাদের গ্রেফতারে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা জরুরি। পাশাপাশি আসামিদের সম্ভাব্য পরবর্তী পরিকল্পনা, আশ্রয়দাতা ও বর্তমান অবস্থান সম্পর্কে জানতে সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

সন্ধ্যা ৬টার দিকে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আবু সাইদ সাগর রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নেওয়া কিশোর আবদুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

এ ঘটনায় একই বছরের ২৬ আগস্ট মোতালিবের বাবা আবদুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com