প্রথম সমাচার ডেস্ক:
বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরে একটি দই-মিষ্টির কারখানায় অভিযান চালিয়ে ১৫ কেজি নিষিদ্ধ হাইড্রোজ ও ৫ কেজি শিল্প লবণ (ইন্ডাস্ট্রিয়াল সল্ট) জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ ঘটনায় কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আরও দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত উপজেলার সুখানপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি দল।
মোহাম্মদ মেহেদী হাসান বলেন, সুখানপুকুর এলাকার খোকা দই-মিষ্টি ঘরের কারখানায় অভিযান চালিয়ে দই-মিষ্টি তৈরি ও সংরক্ষণের স্থানে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। সেখানে মানুষের থাকার জন্য বিছানা ও মশারি টাঙানো ছিল। এ ছাড়া জিলাপি তৈরিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করতে দেখা যায়। কারখানাটিতে ব্যবহারের জন্য ১৫ কেজি হাইড্রোজ ও ৫ কেজি শিল্প লবণ মজুত রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, এসব অপরাধের কথা স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিক মো. রিয়াজউদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা ১৫ কেজি হাইড্রোজ ও ৫ কেজি শিল্প লবণ জনসমক্ষে ধ্বংস করা হয়।
অভিযানে অপর একটি হোটেলকে ২ হাজার টাকা এবং একটি হার্ডওয়্যারের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নড়াইল জেলা বিএনপির সাধারণত সম্পাদক পদ ফিরে পেলেন মনিরুল ইসলাম
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ব্যাংকের চাকরি ছেড়ে আনারকলি চাষে ভাগ্যবদল মিজানুরের, ফল যাচ্ছে চীনেও