প্রথম সমাচার ডেস্ক:
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ওসমান হাদি হত্যা মামলার বিচারও হবে। একই সঙ্গে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানি আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে শুরু হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে আইনমন্ত্রী এসব তথ্য জানান।
মো. আসাদুজ্জামান বলেন, ‘গত ১৯ মে আট বছর বয়সী শিশু রামিসাকে প্রতিবেশী সোহেল রানা ধর্ষণ ও হত্যা করেন। ঘটনার দিনই পুলিশ সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে। পরদিন মামলা হয় এবং ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ১৭ জুন মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে সোহেল রানা ও তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।’
আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বিচারিক ইতিহাসে এ মামলার আপিলও স্বল্পতম সময়ে নিষ্পত্তি হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃঢ়তা এবং প্রধান বিচারপতির বিচারিক সক্রিয়তাসহ সংশ্লিষ্ট সবার ভূমিকার কারণে এটি সম্ভব হয়েছে।’
তিনি জানান, রামিসার বাবা প্রথমে মামলা করতে চাননি। তার আশঙ্কা ছিল, মামলা করেও বিচার পাবেন না। পরে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তিনি রামিসার বাড়িতে গিয়ে পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করেছে।
ওসমান হাদি হত্যা মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘এ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানি আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘গত ১৬-১৭ বছরে যারা নিখোঁজ হয়েছেন, গুমের শিকার হয়েছেন, রাজনৈতিকভাবে নিপীড়িত হয়েছেন কিংবা মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছেন, তাদের সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ লক্ষ্যে জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর উদ্যোগ নেওয়া হবে।’

দক্ষ কর্মী নিচ্ছে কানাডা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও
ফরিদপুরে রাসায়নিক স্প্রে করে তিন দিনেই কলা পাকানোর অভিযোগ
টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ; স্বামী পলাতক!