প্রথম সমাচার ডেস্ক:
বৃদ্ধ বয়সে নিঃসঙ্গ ও অবহেলিত প্রবীণদের নিরাপদ আশ্রয়ের জন্য ময়মনসিংহের শম্ভুগঞ্জে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল তিনতলা ‘শান্তি নিবাস’। কিন্তু উদ্বোধনের পর তিন বছর পেরিয়ে গেলেও ভবনটিতে এখনও পা পড়েনি কোনো প্রবীণের। পরিচর্যা ও জনবলের অভাবে ভবনে জমেছে ধুলার আস্তরণ, বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে দামি আসবাবপত্র আর বকেয়া বিলের কারণে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ‘আটটি সরকারি শিশু পরিবারে ২৫ শয্যাবিশিষ্ট শান্তি নিবাস স্থাপন’ প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হয়। ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত প্রকল্পটির মোট ব্যয় ছিল ৭৩ কোটি ৯৮ লাখ ৯১ হাজার টাকা। এর মধ্যে ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জে সরকারি শিশু পরিবার (বালক) চত্বরে ‘শান্তি নিবাস’ নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৯৫ লাখ ৫২ হাজার টাকা।
২০২২ সালের ২০ সেপ্টেম্বর ভবনটির নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষে ২০২৩ সালের ১৪ নভেম্বর তৎকালীন সরকারপ্রধান এর উদ্বোধন করেন। কোহিনূর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি নির্মাণ করে। নির্মাণের পাশাপাশি প্রবীণদের থাকার উপযোগী আসবাবপত্র, চিকিৎসাসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামও সরবরাহ করা হয়। কিন্তু উদ্বোধনের পর থেকে কার্যত অচল হয়ে আছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনটির প্রতিটি তলার কক্ষই তালাবদ্ধ। অথচ প্রবীণদের সেবায় নিচতলায় রাখা হয়েছে চিকিৎসকের কক্ষ, চিকিৎসাসামগ্রী সংরক্ষণের ঘর, শরীরচর্চার কক্ষ, খাবার ঘর, রান্নাঘর ও অতিথিদের থাকার ব্যবস্থা। আর দ্বিতীয় ও তৃতীয় তলায় প্রবীণদের আবাসনের জন্য সাজিয়ে রাখা হয়েছে বিছানা ও প্রয়োজনীয় আসবাবপত্র। কিন্তু এসব আয়োজনের কোনোটিই এখন কাজে আসছে না। কোথাও চিকিৎসার সরঞ্জাম পড়ে আছে বাক্সবন্দী, কোথাও ধুলায় ঢেকে পড়ে রয়েছে ব্যায়ামের আধুনিক যন্ত্রপাতি। দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় ভবনের আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জামের ওপর জমেছে ধুলার পুরু স্তর।
এছাড়া ভবনের কয়েকটি কক্ষের ছাদ এবং বিভিন্ন স্থান দিয়ে বৃষ্টির পানি ঢুকে মেঝেতে জমে থাকতে দেখা গেছে। পানি থেকে আসবাবপত্র রক্ষা করতে কোনো কোনো কক্ষে খাটের ওপর তুলে রাখা হয়েছে টেবিল ও আলমারি। সংশ্লিষ্টদের ভাষ্য, ভবনের পানি নিষ্কাশনের সরু পাইপ ময়লা-আবর্জনা ও গাছের পাতায় আটকে যাওয়ায় বৃষ্টির পানি ঠিকমতো বের হতে পারছে না। ফলে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ভবনটির অবকাঠামো ও আসবাবপত্রও ক্রমেই ক্ষতির মুখে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শান্তি নিবাস নির্মাণের সময় তারা আশাবাদী হয়েছিলেন। এলাকার অসহায় বৃদ্ধদের অন্তত একটি নিরাপদ আশ্রয় হবে, চিকিৎসা ও খাবারের নিশ্চয়তা মিলবে। কিন্তু এত দিনেও প্রতিষ্ঠানটি চালু না হওয়ায় তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ফজলুল হক বলেন, আমাদের আশপাশে এমন কয়েকজন বৃদ্ধ মানুষ আছেন, যাদের দেখার কেউ নেই। কেউ সন্তানদের কাছে অবহেলিত, কেউ অর্থাভাবে ঠিকমতো খেতে পারেন না। তাদের জন্য এত সুন্দর একটি ভবন তৈরি হয়েছে, অথচ সেখানে কেউ থাকতে পারছেন না। এটা খুবই দুঃখজনক।
শুধু ভবন নির্মাণ ও উদ্বোধন করলেই জনকল্যাণমূলক উদ্যোগের সাফল্য আসে না মন্তব্য করে আরেক স্থানীয় বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, ভবনটি চালু না হওয়ায় সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি সমাজের একটি অসহায় জনগোষ্ঠী তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

ক্ষুধার দায়ে সুপারি-কলা, ৭০ বছরের বৃদ্ধের গলায় অপমানের মালা!