প্রথম সমাচার ডেস্ক:
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। দীর্ঘ সাত বছরের আইনি প্রক্রিয়া শেষে এই রায় ঘিরে আশায় বুক বাঁধছেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে বসবাসরত রোহিঙ্গারা।
রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাশা, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মাধ্যমে তাদের ওপর চালানো নৃশংসতার স্বীকৃতি মিলবে। একই সঙ্গে মিয়ানমারে নিরাপদে ফিরে যাওয়ার পথ সুগম হবে। তবে শুধু ন্যায়বিচার নয়, নিজেদের জনগোষ্ঠীর ওপর চালানো ধ্বংসযজ্ঞের জন্য মিয়ানমারের জান্তা সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে উপযুক্ত ক্ষতিপূরণও দাবি করছেন তারা।
আইসিজের গত ৩ নভেম্বরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় প্রকাশ্য অধিবেশনে মামলার রায় ঘোষণা করা হবে। আদালতের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি রায় পড়ে শোনাবেন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর অভিযান, হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। এরপর থেকে উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরগুলোতে তাদের বসবাস। বর্তমানে ৩৩টি ক্যাম্পে প্রায় ১২ লাখ রোহিঙ্গা রয়েছেন।
২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ১৯৪৮ সালের গণহত্যা সনদের আওতায় করা মামলাটির নাম ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’। গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান গণহত্যা সনদের লঙ্ঘন। ওই অভিযানে ব্যাপক হত্যা, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারকে গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ঘোষণা, এ ধরনের কর্মকাণ্ড বন্ধের নির্দেশ, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এমন অপরাধ না ঘটার নিশ্চয়তা চেয়েছে।
মামলার শুরুতেই অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার আবেদন করে গাম্বিয়া। ২০২০ সালের ২৩ জানুয়ারি আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সনদে উল্লেখ করা কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি মামলার সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণ এবং এ বিষয়ে নেওয়া পদক্ষেপের প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়।
পরে মিয়ানমার আদালতের এখতিয়ার ও মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি তোলে। ২০২২ সালের ২২ জুলাই দেওয়া রায়ে আইসিজে জানিয়ে দেন, মামলাটি শুনানির এখতিয়ার আদালতের রয়েছে এবং গাম্বিয়ার আবেদন গ্রহণযোগ্য। এরপর দুই পক্ষের লিখিত বক্তব্য ও পাল্টা বক্তব্য জমা দেওয়ার প্রক্রিয়া চলে।

মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ের পাশে জ্বলন্ত পেট্রোল বোমা উদ্ধার
৪০ বছর আগে কৃষকের লাগানো খেজুরগাছ এখন দর্শনার্থীদের আকর্ষণ
পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ