প্রথম সমাচার ডেস্ক:
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সংখ্যালঘু ইস্যুতে কথা বলতে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশেই গণতন্ত্র স্থায়ী হয় না। একই সঙ্গে পশ্চিমবঙ্গে পুলিশের কথিত ‘এনকাউন্টার’ নীতির সমালোচকদের ভিসা ছাড়াই বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এই বিজেপি নেতা।
বুধবার (১৮ নভেম্বর) সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ এসব মন্তব্য করেন।
বাংলাদেশে বারবার রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, ‘মুসলিম কোনো দেশেই তো গণতন্ত্র স্থায়ী হয় না। আমাদের দেশে (ভারতে) এত বছর ধরে গণতন্ত্র চলছে। বাংলাদেশ ও পাকিস্তান আমাদেরই অংশ ছিল, কিন্তু সেখানেও গণতন্ত্র স্থায়ী হয়নি। ওখানে হয় একনায়কতন্ত্র চলবে, রাজা চলবে, না হলে সামরিক শাসন চলবে; দুই দেশই তার প্রমাণ।’
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও কারাগারে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই বিজেপি নেতা বলেন, ‘চিন্ময় প্রভু এখন একটি আন্তর্জাতিক পরিচিতিতে পরিণত হয়েছেন। বাংলাদেশের হিন্দু সমাজ তার দিকে তাকিয়ে আছে।’
তিনি আরও বলেন, ‘সারা বিশ্ব চাইছে তার সম্মান ও সুরক্ষা নিশ্চিত হোক। ভারতের কেন্দ্রীয় সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোরও এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত।’
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অভিযোগ তুলে দিলীপ ঘোষ আরও বলেন, ‘সেখানে প্রশাসনিক শূন্যতা ও অরাজকতা চলছে। কিছু দুষ্কৃতকারী ধর্মের নামে লুটপাট ও সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালাচ্ছে। পাকিস্তানে যেভাবে সংখ্যালঘুরা ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে গেছে, বাংলাদেশেও তেমন পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।’
অন্যদিকে, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে পুলিশের কথিত ‘এনকাউন্টার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্ক ও সমালোচনা চলছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কঠোর অবস্থান নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘সমাজ ও রাজনীতির যে অপরাধীকরণ হয়েছে, তা ঠিক করতে পুলিশ ও আইন ব্যবস্থা কাজ করছে। যারা অপরাধীদের সঙ্গে সমঝোতা করে, তারাই এর বিরোধিতা করে।’
পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশ বা গুজরাট মডেলের শাসনব্যবস্থা চালুর ইঙ্গিত দিয়ে সমালোচকদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অনেকে বলছেন পশ্চিমবঙ্গ নাকি ইউপি (উত্তরপ্রদেশ) বা যোগী সরকার হয়ে যাচ্ছে। বাংলাদেশ হলে আপত্তি ছিল না, উত্তরপ্রদেশ হলে অসুবিধা কী?’

এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া
পাবনায় পরিত্যক্ত বিদ্যালয় থেকে ৭৭টি ককটেল উদ্ধার
হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ