প্রথম সমাচার ডেস্ক:
সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের জনপ্রিয় অ্যালবাম ‘হোক কলরব’ প্রকাশের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ কনসার্টের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২০ নভেম্বরের পরিবর্তে আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে এই আয়োজন। তবে কনসার্টের ভেন্যুতে কোনো পরিবর্তন আসেনি। রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালেই বসবে গানের আসর।
গত ১৭ নভেম্বর আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টিজ কমিউনিকেশন এক বিজ্ঞপ্তিতে তারিখ পরিবর্তনের বিষয়টি জানায়। সেখানে বলা হয়, শিল্পীর ব্যক্তিগত জীবনে হঠাৎ তৈরি হওয়া একটি জরুরি পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আয়োজকদের ভাষ্য, দর্শকরা যেন অসম্পূর্ণ তথ্য নিয়ে অপেক্ষায় না থাকেন এবং অনুষ্ঠানে এসে সর্বোত্তম অভিজ্ঞতা পান, সে কারণেই হালনাগাদ তথ্যসহ নতুন করে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
ইতোমধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। অনলাইনে টিকিফাই ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
২৭ নভেম্বর শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে কনসার্টটি। অর্ণবের পাশাপাশি এতে সংগীত পরিবেশন করবেন আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও অর্ণবের জীবনসঙ্গী সুনিধি নায়েক।
২০০৬ সালে প্রকাশিত অর্ণবের একক অ্যালবাম ‘হোক কলরব’ বাংলা গানের জগতে আলাদা জায়গা করে নেয়। অ্যালবামটির গান বাংলাদেশ ছাড়িয়ে জনপ্রিয়তা পায় ভারতের পশ্চিমবঙ্গেও। বিশেষ করে ‘হোক কলরব’ গানটি ২০১৪ সালে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের অন্যতম স্লোগানে পরিণত হয়।
অ্যালবামের নামকরণ করা হয়েছিল কবি রাজীব আশরাফের একটি কবিতা থেকে। সেই কবিতাকেই গানে রূপ দিয়েছিলেন অর্ণব। তবে এই আয়োজনের দুই দশক পূর্তির সময়ে কবি রাজীব আশরাফ আর বেঁচে নেই। ২০২৩ সালের সেপ্টেম্বরে মারা যান তিনি।

হালুয়াঘাটে স্বাবলম্বী সিডস প্রকল্পের উদ্যোগে শিশু মেলা অনুষ্ঠিত
নদীর মাঝখানে খুঁটি ছাড়াই হবে ২৫৬টি দীর্ঘ সেতু: পরিকল্পনা প্রতিমন্ত্রী