প্রথম সমাচার ডেস্ক:
চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও পরিবেশগত আইন লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটার মালিককে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে শাহরাস্তি উপজেলায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর গ্রামের মেসার্স এ এস এস ব্রিকসের স্বত্বাধিকারী মো. আকতার হোসেন চৌধুরীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে চিতোষী খিলা বাজারসংলগ্ন মেসার্স হারুন ব্রিকসের স্বত্বাধিকারী মো. হারুন শেখকে জরিমানা করা হয় ৩ লাখ টাকা। দুই ইটভাটার মালিকের কাছ থেকে জরিমানার মোট ৭ লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত আগুন নিভিয়ে দেওয়া হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ইটভাটা দুটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
অভিযানে অংশ নেওয়া পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের একটি দল ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন। এ ছাড়া অগ্নিনির্বাপণে সহায়তা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিখিলের বাসায় হামলা-ভাঙচুর
নড়াইলে বিএনপির শোডাউনে হামলা, নিহত ২
মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডে’র ঘোষণা দিয়ে সিম বিক্রি, আটক ১