প্রথম সমাচার ডেস্ক:
ময়মনসিংহের নান্দাইলে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে মসজিদের মাইকে প্রচার চালিয়ে অসহায় নারীদের কাছে মোবাইল সিম বিক্রির অভিনব প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী আমিনুর রহমান নামের এক সিম বিক্রেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) নান্দাইল উপজেলার ৫ নম্বর গাংগাইল ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পণ্ডিতপুর গ্রামের আঞ্জু মিয়ার ছেলে রুবেল মিয়ার অনুরোধে স্থানীয় মসজিদের ইমাম আব্দুল মান্নান মাইকে ঘোষণা দেন যে ফ্যামিলি কার্ড পেতে হলে বুধবার সকালে এনআইডি ও ২০০ টাকা নিয়ে রুবেলের দোকানে আসতে হবে। সরকারি সহায়তার আশায় ভোর থেকেই শতাধিক অসহায় ও দরিদ্র নারী দোকানে ভিড় জমান। সেখানে যাওয়ার পর তাদের হাতে ২০০ টাকার বিনিময়ে একটি করে গ্রামীণফোন সিম ধরিয়ে দেওয়া হয়। এমনকি সিম না নিলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না বলেও ভয় দেখানো হয়।
ভুক্তভোগী নারী ফিরোজা ও সাবিনা খাতুন জানান, ফ্যামিলি কার্ডের আশায় এসে কার্ড না পাওয়ার ভয়ে তারা ২০০ টাকা দিয়ে সিম কিনতে বাধ্য হয়েছেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সিম বিক্রেতাকে আটকে রেখে প্রশাসনকে খবর দেন। তবে পুলিশ আসার আগেই মূল অভিযুক্ত রুবেল মিয়া সটকে পড়েন।
রুবেল মিয়া মাইকিং করানোর কথা স্বীকার করলেও ফ্যামিলি কার্ডের বিষয়টি অস্বীকার করে ইমামের ওপর দায় চাপান। অন্যদিকে ইমাম আব্দুল মান্নান জানান, মুসল্লিদের উপস্থিতিতে রুবেল মিয়াই তাকে ফ্যামিলি কার্ডের কথা ঘোষণা দিতে বলেছিলেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে সিম বিক্রেতা আমিনুর রহমানকে থানায় আনা হয়েছিল। বিষয়টি ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে এবং কোনো লিখিত অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানান, পুরো বিষয়টি তদন্তে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গোপালপুরে বিসিডিএসের ঝাওয়াইল ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
গোপালগঞ্জে বিএনপি এমপির অফিসে ভাঙচুর, আসবাবপত্রে আগুন