প্রথম সমাচার ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে মাথা তোলার আগেই তাদের গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এরা কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চাই।’
বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ৩৮ মিনিটের বক্তব্যে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানোর সাম্প্রতিক নাশকতার কথা তুলে ধরে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ঐক্যের আহ্বান জানান। প্রধানমন্ত্রীর বক্তব্যে আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যম ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শক্তিগুলোর ঐক্যের ফাঁটলের কারণে ফ্যাসিবাদের আস্ফালন দেখা যাচ্ছে। ঐক্যের সামনে ফ্যাসিবাদ ফিরতে পারবে না।
আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন চব্বিশের জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, তিনি ডিসেম্বরে ফিরবেন। গত কয়েকদিনে গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে থানায় আগুন দিয়েছে তাঁর সমর্থকরা। বিএনপির স্থানীয় সংসদ সদস্য এবং নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করে পুড়িয়ে দিয়েছে।
গার্মেন্টস শ্রমিকদের বার্তা দেশের গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করে তোলার পেছনেও বিশেষ স্বার্থগোষ্ঠীর উদ্দেশ্য রয়েছে কিনা প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্পকে দুর্বল করে দিয়ে কি অন্য কোনো দেশকে সেই সুযোগ করে দেওয়ার অপচেষ্টা চলছে? বিষয়টি গভীরভাবে ভেবে দেখা দরকার। সরকার গার্মেন্টসশিল্পের শ্রমিকদের সমস্যা, দাবি ও অধিকার সম্পর্কে সম্পূর্ণ সচেতন উল্লেখ করে সরকারপ্রধান বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি এবং কর্মপরিবেশ উন্নত করার বিষয়ে আন্তরিকভাবে কাজ করছি। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুতই নতুন মজুরি কাঠামো ঘোষণা এবং সেই অনুযায়ী শ্রমিকদের বেতন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
গার্মেন্টসশিল্পে কর্মরত শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা বিদেশে পলাতক কোনো অপশক্তির উসকানিতে নিজেদের কর্মস্থলে ভাঙচুর করছেন, আগুন দিয়ে নিজেদের জীবিকা নির্বাহের প্রতিষ্ঠানটির ক্ষতি করছেন, তাঁদের কাছে আমার একটি প্রশ্ন নিজের কর্মস্থলটিই ধ্বংস করলে আপনাদের বেতন আসবে কোথা থেকে? পরিবারের জীবিকা
নির্বাহ হবে কীভাবে? সন্তানদের ভবিষ্যৎ কী হবে? প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের ন্যায্য দাবি অবশ্যই থাকবে, তা আদায়ের জন্য আন্দোলনও করতে পারেন। কিন্তু নিজেদের কর্মস্থলে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা উৎপাদনব্যবস্থা ধ্বংস করার মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। যে কারখানা আপনাদের জীবিকার সংস্থান করে, যে কর্মস্থল আপনাদের পরিবারকে বাঁচিয়ে রাখে, সেই কর্মস্থলকে রক্ষা করা আপনাদের নিজেদের স্বার্থেই জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার তার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাবে।
প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, ঐক্যের আহ্বান আওয়ামী লীগকে কোনো সুযোগ দেওয়া হবে না জানিয়ে সংসদে প্রতিনিধিত্ব করা দলগুলোকে ঐক্যের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, চব্বিশে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িতত করেছিলাম, একই চেতনায় আমরা আবারও তাদের বিষদাঁত ভেঙে দিতে চাই। স্বৈরাচার বিরোধী সব দলকে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদের ভেতরের এবং বাইরের সব গণতান্ত্রিক দলের প্রতি আহ্বান- আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে দাঁড়াই।
শেখ হাসিনার নাম না নিয়ে সংসদ নেতা বলেছেন, সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদের গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। গণতন্ত্রকামী জনগণকে হত্যায় তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে। তাদের এমন বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার