প্রথম সমাচার ডেস্ক:
মাদারীপুরে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান সার্বিক ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যায় শহরের পাকদী এলাকায় একদল দুর্বৃত্ত এ হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৭টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের পাকদী এলাকায় অবস্থিত সার্বিক ফিলিং স্টেশনে অতর্কিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে ফিলিং স্টেশনের কয়েকটি জানালার কাচ ভাঙচুর করে।
খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে বক্তব্য জানতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর