বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে চাঁদপুর শহরের স্টেন্ট রোড এলাকায় অবস্থিত দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষ এবং রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে পৃথকভাবে এই আগুন লাগার ঘটনা ঘটে।

প্রথমে দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উপস্থিত জনতা আগুন নিয়ন্ত্রণে আনে। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে ফারাক্কাবাদে সুজিত রায় নন্দীর বাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনির বাসায় ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

সুজিত রায় নন্দীর বাড়ির অগ্নিকাণ্ড প্রসঙ্গে চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জনতাকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ অবহিত রয়েছে এবং সেখানে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করেছে।

তবে দীপু মনির বাসার আগুনের বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু নিশ্চিত করতে পারেননি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com