বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

লকডাউনে সাভার-আশুলিয়ায় বাস চলাচল কম, মহাসড়কে বিএনপির মোটরসাইকেল শোডাউন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউনের প্রভাব পড়েছে ঢাকার সাভার ও আশুলিয়ায়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে স্থানীয় সড়ক-মহাসড়কে লোকাল বাসের চলাচল তুলনামূলক কম দেখা গেছে। তবে লকডাউনের প্রতিবাদে মহাসড়কে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়া সাভার বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট, নবীনগর বাসস্ট্যান্ড ও পল্লীবিদ্যুৎ এলাকায় বাসের অপেক্ষায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে এসব বাসস্ট্যান্ডে বাসের সংখ্যা ছিল তুলনামূলক কম। এ বিষয়ে পরিবহনশ্রমিকদের কাছে জানতে চাইলে তাঁরা জানান, লকডাউন ঘিরে বাস চলাচল নিয়ে মালিকদের মধ্যে আতঙ্ক রয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাস্তায় থাকুক বা না থাকুক, পরিস্থিতির আশঙ্কায় মালিকেরা বাস বের করতে ভয় পাচ্ছেন।

অন্যদিকে, আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে আশুলিয়ার বাইপাইল থেকে নবীনগর মহাসড়কে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সকাল সাড়ে নয়টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় স্লোগান দিয়ে মোটরসাইকেলের বহর নিয়ে তাঁদের মহাসড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়।

এদিকে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকার নিহারিকা হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন ও যুবদলের কয়েকজন কর্মী শাহিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক শাহিন হকার্স লীগের কর্মী।

খবর পেয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেন। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com