বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

নেত্রকোনায় নদী থেকে নিখোঁজ শিক্ষকের মরদেহ উদ্ধার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নিখোঁজের এক দিন পর সুরমা নদী থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অদ্বৈত্য সরকার আদিত্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এর আগে সকাল পৌনে ৭টার দিকে স্থানীয়রা খালিয়াজুরী উপজেলার চাঁদপুর গ্রামের মধ্যবর্তী স্থানে সুরমা নদীতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি অদ্বৈত্য সরকার আদিত্যের বলে শনাক্ত করেন।

নিহত অদ্বৈত্য সরকার আদিত্য খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত অক্ষয় সরকারের ছেলে। তিনি মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৭ নভেম্বর রাতে পাশের সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাতপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন ওই শিক্ষক। নিখোঁজের পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে খোঁজাখুঁজি চালালেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে নদীতে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে শনাক্ত করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com