প্রথম সমাচার ডেস্ক:
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে (৬০) পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার পর আলোচনায় এসেছিলেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্টন মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা, মারধর, চুরি ও ভাঙচুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে হাজির করা হয়। মামলাটি তদন্তকারী সংস্থা সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য এই পাঁচ দিনের রিমান্ড আবেদন দাখিল করেন।
রিমান্ড আবেদনে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে সিআইডি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়েছে। আবেদনে বলা হয়, মসজিদে সংঘর্ষের ঘটনায় আসামির ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই, জাতীয় মসজিদের মতো গুরুত্বপূর্ণ স্থানে মারামারির ঘটনায় কোনো ব্যক্তি বা দলীয় প্ররোচনা আছে কিনা তা খতিয়ে দেখা, অপরাধ সংগঠনে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা তা তদন্ত করা, সংঘর্ষের ঘটনায় নেতৃত্বদানকারী ও অন্যান্য আসামির পরিচয় উদ্ঘাটনসহ ঘটনার পেছনের পরিকল্পনা অনুসন্ধান এবং আহতদের ওপর হামলা ও মসজিদের সম্পত্তি ভাঙচুরের দায় নির্ধারণের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজ আদায়ের জন্য প্রবাসফেরত এক ব্যবসায়ী বায়তুল মোকাররম মসজিদে যান। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করার সময় মুফতি রুহুল আমিন অন্যান্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন।
তারা ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে আঘাত করে নিচে নামিয়ে হাত থেকে মাইক কেড়ে নেন। উপস্থিত মুসল্লিরা বাধা দিলে আসামি রুহুল আমিনের নির্দেশে ২ নম্বর আসামি লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর ডান চোখে আঘাত করেন। এতে তিনি চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হন এবং ডান চোখে দৃষ্টিশক্তি হারান। এ ছাড়া আসামিদের পিটুনিতে বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন, বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং মসজিদের ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের বাদল হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ১
কালীগঞ্জে পাঁচ দিনেও খোঁজ মেলেনি প্রতিবন্ধী বিল্লালের, সন্ধান চায় পরিবার
গোপালগঞ্জে যেসব ঘটনা ঘটছে, তা পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে : রাকিব