প্রথম সমাচার ডেস্ক:
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় মোহাম্মদ মাসুম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মাসুম আকবরশাহ থানার একে খান এলাকার ফরিদারপাড়ার বাসিন্দা মাহবুবুল আলমের একমাত্র ছেলে। তার এক কন্যাসন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে নগরের একে খান মোড়ের কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা দাবি করা হলে চালক মো. শাহাদাত হোসেন তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কয়েকজনের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। বন্ধুকে বাঁচাতে এগিয়ে গেলে মাসুমের পেটেও ছুরিকাঘাত করা হয়।
এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নিহত মাসুমের মামা মো. হাফিজুর রহমান (৫৪) বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলাটি করেন।
মামলার এজাহারে আসামি করা হয়েছে আকবরশাহ থানার ৩ নম্বর ঝিল এলাকার মো. হাসান (৪০), গোলপাহাড় এলাকার জাকির প্রকাশ মাম জাকির (৪২), অনিক (২৩), সাইফুল (৩২) ও মো. আজমকে (৩০)।
মামলার বাদী মো. হাফিজুর রহমান জানান, মাসুমের এক বন্ধু ম্যাক্সিমা গাড়ি চালান। ওই বন্ধুর সঙ্গে কয়েকজনের বাগ্বিতণ্ডা হলে তা মীমাংসা করতে এগিয়ে যান মাসুম। এ সময় দুজনকেই ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় মাসুমকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাহাড়তলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. রুহুল আমিন লাবু বলেন, চিকিৎসাধীন মাসুম গতকাল রাতে মারা যাওয়ার পর আজ দুপুরে তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। নিহতের পরিবারের এজাহার অনুযায়ী, ঘটনার সময় কথা-কাটাকাটির বিষয়টি জানা গেছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে মূল ঘটনা বেরিয়ে আসবে।

চট্টগ্রামে এনসিপি নেতা শুভকে পেটাল ছাত্রদল নেতা সাকিব
২০৭০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান
হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া সেই খতিব পাঁচ দিনের রিমান্ডে