প্রথম সমাচার ডেস্ক:
২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে মুসলিমরা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক নতুন গবেষণায় এ পূর্বাভাস দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ওই সময় বিশ্বে মুসলিমের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ২৫৭ কোটিতে, আর খ্রিষ্টানদের সংখ্যা হতে পারে ২৫২ কোটি। এছাড়া ২০৭০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে জিও নিউজ জানায়, গবেষণার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার গঠনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। মুসলিম ও খ্রিষ্টান- উভয় জনগোষ্ঠীর সংখ্যাই বাড়বে। তবে খ্রিষ্টানদের তুলনায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার হবে উল্লেখযোগ্যভাবে বেশি।
‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০-২০৭০’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৮০ শতাংশ বাড়তে পারে। একই সময়ে খ্রিষ্টান জনসংখ্যা বাড়তে পারে ৩০ শতাংশ।
প্রতিবেদনে মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উচ্চ প্রজনন হার ও তুলনামূলক তরুণ জনসংখ্যার কথা উল্লেখ করা হয়েছে। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তানসংখ্যা ছিল ৩ দশমিক ১। অন্যদিকে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ সংখ্যা ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর নারীদের ক্ষেত্রে ১ দশমিক ৬।
গবেষণার হিসাব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা ছিল ২০২ কোটি, আর খ্রিষ্টান জনসংখ্যা ছিল ২২৭ কোটি। ২০৭০ সাল নাগাদ মুসলিমের সংখ্যা বেড়ে ৩৬৪ কোটিতে পৌঁছাতে পারে, যা বিশ্বের মোট জনসংখ্যার ৩৬ শতাংশ। একই সময়ে খ্রিষ্টান জনসংখ্যা বেড়ে প্রায় ২৯৬ কোটি হতে পারে, যা বিশ্ব জনসংখ্যার প্রায় ২৯ শতাংশ।
বিশ্বের মুসলিম জনসংখ্যার ভৌগোলিক বণ্টনেও বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে গবেষণাটি। এতে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে সবচেয়ে বেশি মুসলিমের দেশ হিসেবে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যেতে পারে পাকিস্তান। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে প্রায় ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে।
খ্রিষ্টান জনসংখ্যার ক্ষেত্রেও ভৌগোলিক বণ্টনে পরিবর্তনের পূর্বাভাস দেয়া হয়েছে। ২০৭০ সালের মধ্যে সবচেয়ে বেশি খ্রিষ্টান জনসংখ্যার দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো।
আফ্রিকার দেশটিতে খ্রিষ্টান জনসংখ্যা ২০২০ সালের ৯ কোটি ২০ লাখ থেকে তিন গুণ বেড়ে ২০৭০ সালে ২৯ কোটি ৯০ লাখ হতে পারে। অন্যদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানদের সংখ্যা ২১ কোটি ৭০ লাখ থেকে কমে ১৭ কোটি ৪০ লাখে দাঁড়াতে পারে।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিকে শুভেচ্ছা জানাতে এসেছি: দিনেশ ত্রিবেদী
সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫, স্ত্রীর ১০ বছররের কারাদণ্ড
বিপদে পড়ে বিএনপি চিৎকার করছে, ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ : পাটওয়ারী