প্রথম সমাচার ডেস্ক:
ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছর এবং তার স্ত্রী রুকমীলা জামানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জাবেদসহ এ মামলায় মোট ১৭ জন আসামিকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৯ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মোহাম্মদ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের রায় অনুযায়ী, মামলার ১ নম্বর আসামি সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাচার করা টাকার দ্বিগুণ অর্থাৎ ৫০ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। উভয় ধারার সাজা পর্যায়ক্রমে বা একত্রে চলার বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি এ দণ্ড ভোগ করবেন।
মামলার অপর আসামিদের মধ্যে জাবেদের স্ত্রী রুকমীলা জামানকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তাকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া আসামি মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তাকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ের পর্যবেক্ষণে আদালত ব্যাংকিং খাতে এ ধরনের জালিয়াতি ও অর্থ পাচারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আদালত উল্লেখ করেন, ব্যাংকিং খাতে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতির মাধ্যমে ঋণ গ্রহণ, অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিং অত্যন্ত গুরুতর অর্থনৈতিক অপরাধ। এ ধরনের অপরাধ শুধু সংশ্লিষ্ট ব্যাংকের আর্থিক ক্ষতিই করে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক শৃঙ্খলা এবং ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
পর্যবেক্ষণে আরও বলা হয়, মামলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন ও বিতরণ প্রক্রিয়ায় অনিয়ম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ স্থানান্তরের যেসব তথ্য সাক্ষ্যপ্রমাণে উঠে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। আদালত অভিমত দেন, এ ধরনের অপরাধ প্রমাণিত হলে অপরাধীর সামাজিক মর্যাদা, রাজনৈতিক প্রভাব কিংবা প্রাতিষ্ঠানিক অবস্থান নির্বিশেষে আইনানুগ শাস্তি নিশ্চিত করা আবশ্যক।
আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে চট্টগ্রাম থেকে মন্ত্রী হওয়া নেতাদের মধ্যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদই প্রথম কোনো দুর্নীতির মামলায় দণ্ডিত হলেন। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ
কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট, তালিকা প্রকাশ ইসির
টেস্ট র্যাঙ্কিংয়ের পর চ্যাম্পিয়নশিপেও শীর্ষে দক্ষিণ আফ্রিকা