প্রথম সমাচার ডেস্ক:
২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দায়ী করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, পরিবার পুনর্মিলন এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রোহিঙ্গা গণহত্যা মামলায় গাম্বিয়ার পক্ষে ঐতিহাসিক রায় দিয়েছেন নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর পরিচালিত অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছিল বলে রায়ে উল্লেখ করেছেন বিচারকেরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করেন আদালত। এতে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার আন্তর্জাতিক কনভেনশনের অধীনে মিয়ানমারকে দায়ী করা হয়েছে। মামলায় গাম্বিয়ার পাশাপাশি আরও ১১টি রাষ্ট্র অংশ নিয়েছে।
আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেখুন
রায়ে বলা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়। গণহত্যা প্রতিরোধ, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় আইন প্রণয়নে মিয়ানমার তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়েছে।
আদালত মনে করেন, মিয়ানমার শুধু গণহত্যা প্রতিরোধেই ব্যর্থ হয়নি, অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করার দায়িত্বও পালন করেনি। দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করা ব্যক্তিদের মাধ্যমে গণহত্যা সংঘটনের ঝুঁকি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং এ ধরনের অপরাধের বিচার নিশ্চিত করা ছিল মিয়ানমারের দায়িত্ব।
তবে ব্যক্তিগত পর্যায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনে সরাসরি ও প্রকাশ্যে উসকানি দেওয়ার অভিযোগে মিয়ানমারকে দায়ী করেননি আদালত।
এ ছাড়া গণহত্যার অভিযোগ-সংক্রান্ত প্রমাণ নষ্ট হওয়া ঠেকানো এবং সেগুলো সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার জন্যও মিয়ানমারকে দায়ী করা হয়েছে। ২০২০ সালের ২৩ জানুয়ারি দেওয়া অন্তর্বর্তী আদেশে এসব প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু মিয়ানমার সেই নির্দেশনা যথাযথভাবে পালন করেনি।

মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতা, ভাঙচুর ও কাজে ব্যাঘাতের খবরে আইএলও উদ্বিগ্ন
গোপালগঞ্জের পথে বাস বন্ধ, বৃষ্টি মাথায় বাস টার্মিনালে গিয়ে যাত্রীদের দুর্ভোগ
গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর