প্রথম সমাচার ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান করে তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কেন্দ্রীয় ছাত্রদলসহ সংগঠনটির বিভিন্ন ইউনিট।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বৈরী আবহাওয়া ও দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে এসব কর্মসূচি পালন করেন সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে মিছিল শুরু হয়ে কাঁটাবন ও শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিকেল পাঁচটার দিকে বৃষ্টি উপেক্ষা করে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে জড়ো হন তাঁরা। সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মহানগর ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে। এ ধরনের কর্মসূচি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, ‘যেখানে খুনি সন্ত্রাসী সংগঠনের নেতাকর্মীদের পাওয়া যাবে, সেখানেই তাদের প্রতিহত করা হবে। গত ১০ নভেম্বর খুনি সংগঠনের গডফাদার সাদ্দাম হোসেন বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে লকডাউন ঘোষণা করেছিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় অংশ নিয়েছে। আজকে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। কিন্তু সেই লকডাউনকে বাংলাদেশের একটি মানুষও সমর্থন করেনি। বরং লকডাউন প্রত্যাখ্যান করে জনজীবন স্বাভাবিক রেখেছে এবং কোথাও লকডাউনের চিহ্ন দেখা যায়নি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের রাজপথে সক্রিয় ছিল। সেই সক্রিয় ভূমিকার কারণে তারা ঢাকা শহরের কোথাও কোনো সন্ত্রাসী কার্যক্রম প্রদর্শন করতে পারেনি।’
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আজ প্রতিবেশী দেশ থেকে একটি সন্ত্রাসী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি ঘোষণা করেছিল। তাদের আমরা হন্যে হয়ে খুঁজেছি, কিন্তু তাদের একজন নেতাকর্মীকেও পাইনি। ১৯৭১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশে এমন কোনো উদাহরণ নেই যে কোনো ছাত্রসংগঠন পালিয়ে গিয়ে কর্মসূচি করেছে। কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগ তাদের নেত্রীর সঙ্গে পালিয়ে ভারতে গিয়ে কর্মসূচি ঘোষণা করছে। আমরা এমন কর্মকাণ্ডের নিন্দা জানাই।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত তারা তাদের অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেনি। কীভাবে সাধারণ শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা যায়, তারা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তার নির্দেশনা দিচ্ছে। বিগত সাড়ে ১৫ বছর পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে এবং ছাত্রলীগ-যুবলীগের অস্ত্রের মুখোমুখি হয়ে অসংখ্যবার রাজপথে দাঁড়িয়েছে ছাত্রদল। আমরা আগেও রাজপথে ছিলাম, এখনও আছি।’

যশোরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক
জুলাই বনাম আওয়ামী লীগ-ভারতীয় আধিপত্যবাদ: আসিফ মাহমুদ
আওয়ামী লীগ ঠেকাতে সংসদ বর্জনের চিন্তায় ছেদ ১১ দলের