বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

জ্বালাও-পোড়াও করে আ.লীগ দেশকে ধ্বংস করতে চায়: চরমোনাই পীর

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

আওয়ামী লীগ রাজনীতির নামে জ্বালাও-পোড়াও করে দেশকে ধ্বংস করার চক্রান্ত করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর চরমোনাই)।

ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে রেজাউল করিম বলেন, আপনারা এই দেশের সন্তান। অথচ আপনারা ভাঙচুর, জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা, দেশের সম্পদ নষ্ট করা, থানা পুড়িয়ে দেওয়াসহ যেসব কর্মকাণ্ড করেছেন, সেগুলো কোন ধরনের রাজনীতি? আপনারা রাজনীতি করেন মানুষের কল্যাণে, দেশের কল্যাণে। কিন্তু আপনাদের আচরণে মানুষের কল্যাণের রাজনীতি দেখা যাচ্ছে না। বরং এটি সম্পূর্ণ দেশকে ধ্বংস করার চক্রান্ত বলে মনে হচ্ছে।

তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগসহ যত রাজনৈতিক দল রয়েছে, আমরা সবাই এ দেশে জন্মগ্রহণ করেছি। এই দেশের মায়া ঈমানের একটি অংশ। এ দেশের ভালো-মন্দের সঙ্গে আমরা জড়িয়ে আছি। আমরা চাই, দেশটি একটি সুন্দর দেশে পরিণত হোক। সবাই একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করব। তবে ব্যক্তিস্বার্থ, দলের স্বার্থ, ক্ষমতার স্বার্থ ও লোভ দেশের কল্যাণের জন্য পরিহার করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে শতকরা ৯২ জন মুসলমান বসবাস করেন। ইসলামকে সামনে রেখে যদি দেশ পরিচালনার চিন্তা করা যায়, তাহলে ইতিহাস বলছে, এ দেশে আবারও স্বর্ণযুগের মতো একটি পরিবেশ তৈরি হবে। বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যে আদর্শ ও নীতি নিয়ে দেশ পরিচালনা করেছে, তাদের সেই নীতি ও আদর্শ বাংলাদেশে ব্যর্থ হয়েছে। এখন একটাই নীতি ও আদর্শ রয়েছে, আর তা হলো ইসলাম।

চরমোনাই পীর বলেন, ইসলামবিদ্বেষী চক্রগুলো ইসলামের ব্যাপারে যে ভয় দেখিয়েছে, বাস্তবে ইসলাম ভয়ের বিষয় নয়। ইতিহাস পড়ে দেখুন, ইসলাম এমন একটি আদর্শ, যেখানে একটি পিঁপড়ারও স্বাধীনতা ও নিরাপত্তা রয়েছে। কেউ এ নীতি ও আদর্শ মেনে চললে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি পাবে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর চলছে। ১৯৭১ সালের প্রেক্ষাপটে ইতিহাস পড়লে দেখা যায়, এ দেশের মানুষ সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। সন্তান মা-হারা হয়েছে, মা সন্তান-হারা হয়েছেন। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, ১৯৭১ সালের পর যাদের ক্ষমতায় বসিয়েছিলাম, তাদের কাছে যে আশা-আকাঙ্ক্ষা ছিল, বাস্তবে তা পূরণ হওয়া তো দূরের কথা, তারা অন্যদের তাবেদার হয়ে দেশের পরিচালনার দায়িত্ব নিয়েছে।

মুফতি রেজাউল করিম বলেন, পরবর্তী সময়ে বিভিন্ন অভ্যুত্থান হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট হাজার হাজার যুবক, শিক্ষার্থী ও মেহনতি মানুষ বৈষম্য দূর করার জন্য অকাতরে জীবন দিয়েছেন। স্বপ্ন ছিল, দেশটি একটি স্বর্ণের দেশে পরিণত হবে। কিন্তু যাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসিয়েছি, তাদের বসানোর পর আমরা কী দেখলাম? পুরোনো বউকে নতুন করে শাড়ি পরানোর মতো পরিস্থিতিই বাংলাদেশে দেখলাম।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com