বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ।

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুকে ভিডিও বার্তায় রাজনীতি ছাড়ার এ ঘোষণা দেন তিনি। ভিডিও বার্তায় মুতাসিম বিল্লাহ বলেন, আমি বিশ্বাস করি যে, শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি ছিলেন, আছেন ও থাকবেন।

তিনি আরও বলেন, আল্লাহকে সাক্ষী রেখে রাজনীতিতে প্রবেশের একমাত্র উদ্দেশ্য ছিল নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করা। বিশেষ করে নিজের এলাকার যেসব মানুষ জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের পক্ষে কথা বলাই ছিল তার রাজনৈতিক লক্ষ্য।

মুতাসিম বিল্লাহ বলেন, ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি সময়ে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তার দাবি, ওই কমিটি ২০২৬ সালের ফেব্রুয়ারি তথা জাতীয় নির্বাচন পর্যন্ত বহাল ছিল।

নির্বাচনের পর চাকরি, পরিবার ও ক্যারিয়ার নিয়ে ব্যস্ততার কারণে রাজনৈতিক কর্মকাণ্ডে আর সক্রিয় হতে পারেননি বলেও ভিডিও বার্তায় জানান তিনি।

মুতাসিম বিল্লাহ আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের সময় অজান্তে কিংবা ভুলবশত কোনো কথা বা কাজের মাধ্যমে কাউকে আঘাত দিয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে ওই সময়ে যারা তাকে সুপরামর্শ ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, আজ ১৮ নভেম্বর ২০২৬ তারিখে আমি মুতাসিম বিল্লাহ এখন থেকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থান থেকে স্বেচ্ছায় বিদায় নিচ্ছি।

তবে দেশ, মাটি ও মানুষের প্রয়োজনে যেকোনো সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com