বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

কারাগারে পাঠানোর আদেশ শুনে কাঠগড়ায় কাঁদলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশ শুনে আদালতের কাঠগড়ার রেলিং ধরে কাঁদতে কাঁদতে থাকেন অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতি। প্রশ্ন করেন, তাঁকে কেন গ্রেপ্তার করা হয়েছে, কী অপরাধ তাঁর।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মহানগর হাকিম আদালতের বিচারক আশরাফুল হক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. মুর্শিদুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।এদিন বিকেল ৫টা ৪০ মিনিটে কঠোর পুলিশি নিরাপত্তায় জ্যোতিকা জ্যোতিকে আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় তোলার পর পুলিশ তাঁর হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দেয়। হেলমেট খোলার পরপরই কাঠগড়ার রেলিং ধরে কাঁদতে থাকেন তিনি।বিকেল ৫টা ৪২ মিনিটে বিচারক এজলাসে আসেন। পুলিশের পক্ষ থেকে কোনো রিমান্ড আবেদন এবং আসামিপক্ষ থেকে কোনো জামিনের আবেদন না থাকায় জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এরপর তিনি এজলাস ত্যাগ করেন।আদেশের পর কাঠগড়ায় দাঁড়িয়ে আবারও কাঁদতে থাকেন জ্যোতিকা জ্যোতি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এ কেমন আদেশ হলো? উনি তো আমার কোনো কথাই শুনলেন না। এটা কি আগে থেকে সাজানো ছিল? আমাকে কেন গ্রেপ্তার করা হলো, কোন মামলায়—কিছুই জানি না। কী অপরাধ আমার? সারা দিন আমার পরিবারের কারও সঙ্গেও কথা বলতে দেওয়া হয়নি।’পরে পুলিশ সদস্যরা কঠোর নিরাপত্তায় তাঁকে আদালতের নিচে নামিয়ে গাড়িতে তুলে নিয়ে যান।জ্যোতিকে কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি ও বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বিষয়ে তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন। প্রয়োজনে পরবর্তী সময়ে তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।যে মামলায় গ্রেপ্তারএর আগে বুধবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।রাজধানীর ভাটারা থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৫ সালের ৩ মে ভাটারা থানায় মামলাটি করা হয়। এতে জ্যোতিকা জ্যোতি ২১৬ নম্বর আসামি। তাঁর বিরুদ্ধে আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে।মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ভাটারা থানার সামনে এক দফা দাবিতে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল করছিলেন। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশি-বিদেশি অস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মিলে আন্দোলনকারীদের ওপর গুলি চালান।এতে মামলার বাদী এনামুল হকের ডান পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি দীর্ঘদিন চিকিৎসা নেন।এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মামলার ১০ থেকে ২৮৩ নম্বর আসামিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে আন্দোলনকারীদের ওপর গুলি চালান। তাঁদের মধ্যে কয়েকজন অর্থের জোগান দিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। সেই অর্থদাতাদের তালিকায় ২১৬ নম্বর আসামি হিসেবে জ্যোতিকা পাল জ্যোতির নাম রয়েছে।‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে বিতর্ক২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।সেসব কথোপকথনে কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।ওই গ্রুপের সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল। তবে সে সময় ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেন অভিনেত্রী। তাঁর দাবি ছিল, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা নয়। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য ও খবর সেখানে জানাতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যাকে সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেছিলেন জ্যোতি।চাকরি হারান জ্যোতিকা জ্যোতি‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে বিতর্কের পর পেশাগত জীবনেও জটিলতার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কিছুদিন কর্মস্থলে যাননি জ্যোতি।পরে ওই বছরের ১৭ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে গেলে সহকর্মীদের একাংশের প্রতিবাদের মুখে পড়েন তিনি। তাঁরা ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে তাঁর বিরোধিতা করেন। একপর্যায়ে জ্যোতিকে কর্মস্থল ছেড়ে যেতে হয়।ওই বছরের ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। পরদিন বিষয়টি প্রকাশ্যে আসে। ফেসবুকে প্রজ্ঞাপনের ছবি প্রকাশ করে জ্যোতি জানান, এর মধ্য দিয়ে তাঁর প্রথম সরকারি চাকরির অবসান ঘটে।২০২৬ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল।২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন জ্যোতিকা জ্যোতি। পরে টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com