বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নড়াইল থেকে ধরে মাগুরায় পুলিশের হাতে দিল ছাত্রদল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

আটক আনিসুর রহমান শিকদার মাগুরার শালিখা উপজেলার উজগ্রামের রফি শিকদারের ছেলে। তিনি তালখড়ি ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নড়াইল শহরের সদর হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মাগুরার শালিখা থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগে শালিখা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজ মৃধা এবং তালখড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী তাকে আটক করেন।

ছাত্রদল নেতা ফিরোজ মৃধা জানান, বেশ কিছুদিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আনিসুর রহমান শিকদার সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদল, বিএনপি এবং প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। এসব কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে তারা তাকে আটকের উদ্যোগ নেন। পরে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে নড়াইল শহরের সদর হাসপাতালের সামনে থেকে আটক করা হয়। এরপর তাকে শালিখা থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আনিসুর রহমান শিকদারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com