শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Logo
×

সহিংসতা ঠেকাতে আশপাশের জেলা থেকে গোপালগঞ্জে অনুপ্রবেশ বন্ধের সুপারিশ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গোপালগঞ্জে সহিংসতা ঠেকাতে আশপাশের জেলা থেকে লোকজনের অনুপ্রবেশ বন্ধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গোয়েন্দা প্রতিবেদন। এতে জেলার প্রবেশপথে চেকপোস্ট বসানো, মোবাইল পেট্রোলিং ও নৌ টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরের জন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গোপালগঞ্জে সড়ক অবরোধ, থানা ও পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। হাসপাতালসহ জনসেবামূলক প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনাও হামলার ঝুঁকিতে রয়েছে। রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটছে। বিশেষ করে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা এবং অস্ত্র লুটের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতিবেদনে কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। স্থানীয় শান্তিপ্রিয় মানুষ ও সামাজিক সংগঠনগুলোকে সহিংসতাবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করার কথাও বলা হয়েছে। বৃহস্পতিবারের লকডাউন-পরবর্তী সহিংসতা ঠেকাতে আইনানুগ ব্যবস্থা জোরদারের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তৎপরতা বেড়েছে। বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে সড়ক অবরোধ, পুলিশের ওপর হামলা এবং সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পরও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার মাইকে ঘোষণা দিয়ে ৩০ থেকে ৪০ হাজার মানুষ জড়ো হয়ে টুঙ্গিপাড়ায় সড়ক অবরোধ করেন এবং থানায় অগ্নিসংযোগ করেন। এতে পুলিশের আটটি গাড়ি, আটটি মোটরসাইকেল ও থানার নথিপত্র পুড়ে যায়। অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনাও ঘটে। এতে আট পুলিশ সদস্য আহত হন। একই রাতে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন বুধবার কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের স্থানীয় শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ভোর ছয়টা থেকে কোটালীপাড়ার বিভিন্ন সড়কে অবরোধ সৃষ্টি করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দোকানপাট বন্ধ থাকে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।

একই দিন সকাল সোয়া ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের বিজয়পাশা স্ট্যান্ডে ঢাকা থেকে গোপালগঞ্জগামী এসআরবির ৮ থেকে ১০টি গাড়ির বহরে হামলা হয়। এতে চারটি গাড়ির কাচ ভাঙচুর করা হলেও কেউ হতাহত হননি। পরে গাড়ির বহরটি দ্রুত গোপালগঞ্জের দিকে চলে যায়।

সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর উপজেলা সদরে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েক হাজার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। থানার পরিত্যক্ত তিনটি গাড়ি, একটি লোকাল বাস, তালা সার্কেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি গাড়ি এবং থানার পিকআপে আগুন দেওয়া হয়। ওসির বাসভবনে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com