প্রথম সমাচার ডেস্ক:
দেশের স্বার্থ বিসর্জন দিয়ে রাজনীতি নয়, বরং দেশের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর উদ্বোধন শেষে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উদ্বোধনী ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে স্টেশনের প্ল্যাটফর্মে নির্মিত অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন তিনি।
এসময় রেলমন্ত্রী বলেন, আমরা সবাই দেশপ্রেম ও দেশের উন্নয়নের প্রশ্নে এক। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে রাজনীতি নয়। কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করব।
ঈশ্বরদীর ওভারপাস নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওভারপাস নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এটি বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করা হবে।
পাবনা-ঢাকা রুটে নতুন ট্রেন চালু প্রসঙ্গে তিনি বলেন, পাবনা প্রভাতী এক্সপ্রেসের ঈশ্বরদীতে স্টপেজ রয়েছে। ফলে এ অঞ্চলের মানুষ এখন সহজেই ঈশ্বরদী থেকে ঢাকায় যাতায়াত করতে পারবেন। জনগণের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও নতুন রেলসংযোগ চালু করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগার, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমাসহ স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা।
উল্লেখ্য, নতুন সময়সূচি অনুযায়ী ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
আ.লীগের হামলায় নিহত দুই বিএনপি নেতার দাফন সম্পন্ন
জ্বালাও-পোড়াও করে আ.লীগ দেশকে ধ্বংস করতে চায়: চরমোনাই পীর