শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Logo
×

সাবেক এমপি দোলনের বিরুদ্ধে যত মামলা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি-১। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় মোট সাতটি মামলা রয়েছে। ২০০৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব মামলা দায়ের করা হয়। মামলাগুলোর মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, মারধর, চুরি, ভাঙচুর, অপহরণ, ভয়ভীতি প্রদর্শন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলনের বিরুদ্ধে ২০০৬ সালের ৫ মে শ্যামনগর থানায় দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলার জিআর নম্বর ১৪৮। এ মামলায় দণ্ডবিধির ৩০৭, ১৪৩, ৩২৩, ৩৭৯, ৩৫৪, ৩৮৫ ও ৩৬৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। ধারাগুলোর মধ্যে হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ, মারধর, চুরি, নারীর শ্লীলতাহানি, চাঁদাবাজি ও অপহরণের অভিযোগ-সংশ্লিষ্ট বিধান রয়েছে।

একই তারিখে দায়ের করা অপর মামলাটির এফআইআর নম্বর ৯ এবং জিআর নম্বর ১০৮। এতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭ ও ৩০৭ ধারায় অভিযোগ আনা হয়। এসব ধারায় বেআইনি সমাবেশ, অপরাধমূলক অনধিকার প্রবেশ ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। মামলাটিতে ২০০৬ সালের ২৬ অক্টোবর ৭০৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়।

২০২৪ সালের ১৯ জানুয়ারি শ্যামনগর থানায় তার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির এফআইআর নম্বর ১৪ এবং জিআর নম্বরও ১৪। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদে অভিযোগ আনা হয়েছে।

একই বছরের ৫ সেপ্টেম্বর দায়ের করা অপর মামলাটির এফআইআর নম্বর ৪ এবং জিআর নম্বর ২৬৭। এতে দণ্ডবিধির ৩০২, ৪২৭, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। ধারাগুলোর মধ্যে হত্যা, সম্পত্তির ক্ষতিসাধন, চুরি এবং অভিন্ন অভিপ্রায়ে অপরাধ সংঘটনের অভিযোগ-সংশ্লিষ্ট বিধান রয়েছে।

২০২৫ সালের ৫ জুন শ্যামনগর থানায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়। মামলাটির এফআইআর নম্বর ৭ এবং জিআর নম্বর ১৬২।

এতে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪ ও ৬ ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫(ডি) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com