প্রথম সমাচার ডেস্ক:
সারা দেশে নিজেদের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে গ্রামীণ ব্যাংক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে হামলা-ভাঙচুরের বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরে প্রতিষ্ঠানটি।
গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বলেন, এখন পর্যন্ত ৭২টা কার্যালয়ে হামলা হয়েছে। কোথাও ভাঙচুর করেছে, কোথাও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সব ঘটনার তথ্য গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে মোবাইল ফোনের মাধ্যমে আপাতত সংগ্রহ করা হচ্ছে। পরে বিস্তারিত তথ্য জমা করা হবে।
তিনি বলেন, এজন্য ব্যাংকের শাখা ও জনবলের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। পুরো দেশের কার্যালয়ে হামলার একটি প্রাথমিক তথ্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংক বলেছে, গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় সাম্প্রতিক ধারাবাহিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।
গ্রামীণ ব্যাংকের হিসাবে, গত ১০ নভেম্বর থেকে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোণা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর দেওয়া চিঠিতে বলা হয়, অত্যন্ত উদ্বেগের সঙ্গে আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, গত ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের স্থিতিশীলতা শুধু এর সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের জন্যই নয়, বরং দেশের বৃহত্তর আর্থিক ব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ।
হামলা ও ভাঙচুরের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়ে বলা হয়, দেশব্যাপী ব্যাংকের শাখা, কার্যালয়, স্থাপনা, সম্পদ, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও কার্যকর উদ্যোগ গ্রহণে আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি।

রোহিঙ্গা নিধনের ঘটনায় জেনোসাইডে দোষী সাব্যস্ত মিয়ানমার
কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি
অভিনেতা তমাল মাহবুব আটক