প্রথম সমাচার ডেস্ক:
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাবে চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাটে ক্রেতাদের উপস্থিতি কমেছে। এতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের দাম কিছুটা কমেছে। তবে মাছের দাম কমলেও ব্যবধান খুব বেশি নয় বলে জানিয়েছেন ঘাটের ব্যবসায়ী ও জেলেরা। অন্যদিকে, বৈরী আবহাওয়ার মধ্যেও নদীতে জেলেদের জালে ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চরভৈরবী মাছঘাটে অন্যান্য দিনের তুলনায় ক্রেতা ও পাইকারদের আনাগোনা ছিল কম। ঘাটের বিভিন্ন আড়ত ঘুরে দেখা যায়, বৃষ্টিতে ভিজে নদী থেকে মাছ ধরে নিয়ে আসছেন জেলেরা। পরে সেই মাছ বিক্রির জন্য সাজিয়ে রাখছেন আড়তগুলোতে।
ঘাটে মাছ বিক্রেতা জেলে কাজল, রফিক ও আলাউদ্দিনসহ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ বাজারে মাছের দাম কিছুটা কম থাকায় প্রত্যাশিত দাম পাচ্ছেন না তারা। তবে নদীতে মাছের পরিমাণ তুলনামূলক ভালো থাকায় মাছ বিক্রি করে ফিরছেন জেলেরা।
চরভৈরবী মাছ ঘাটের আড়তে বৃহস্পতিবার দেখা যায়, প্রতি কেজি এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকা, মাঝারি ইলিশ ১ হাজার ৬০০ টাকা, গলদা চিংড়ি ১ হাজার ৮০০ টাকা, ডিমওয়ালা চিংড়ি ১ হাজার ২০০ টাকা, আইড় মাছ ১ হাজার ৫০০ টাকা, পাঙাশ ১ হাজার টাকা, বোয়াল ১ হাজার ৫০০ টাকা, করাল ১ হাজার ৫০০ টাকা, পোয়া মাছ ৩০০ টাকা, সিলন মাছ ৫০০ টাকা, বাটা মাছ ২০০ টাকা, সুরকা মাছ ১ হাজার টাকা, রিডা মাছ ১ হাজার ৫০০ টাকা, নদীর রুই ১ হাজার ৫০০ টাকা এবং কাতল মাছ ১ হাজার ২০০ টাকা।
মাছ ব্যবসায়ী সালাউদ্দিন, মিজান ও সুলতানসহ কয়েকজন জানান, বৃষ্টির কারণে আজ ঘাটে সাধারণ ক্রেতাদের উপস্থিতি অনেক কম। বিশেষ করে যারা সরাসরি ঘাটে এসে নিজেদের প্রয়োজনের জন্য মাছ কেনেন, তাদের অনেকেই বৈরী আবহাওয়ার কারণে আসেননি। ফলে মাছের চাহিদা কিছুটা কমে যাওয়ায় দামও কমেছে। তবে পছন্দের মাছ পেলে অনেক ক্রেতা বেশি দাম দিয়েও কিনে নেন। তাঁদের মতে, অন্যান্য দিনের তুলনায় আজ মাছের দাম কিছুটা কম থাকলেও পার্থক্য খুব বেশি নয়।
এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও নদীতে মাছের পরিমাণ কিছুটা বেশি ধরা পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে আবহাওয়া খারাপ থাকায় নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের বাড়তি ঝুঁকির মুখে পড়তে হচ্ছে।
চাঁদপুর জেলা আবহাওয়া কর্মকর্তা শোয়েব এশিয়া পোস্টকে জানান, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় জেলা চাঁদপুরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সব মিলিয়ে বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় চরভৈরবী মাছঘাটে ক্রেতার উপস্থিতি কমলেও নদীর মাছের সরবরাহ থাকায় বাজারে ইলিশসহ বিভিন্ন দেশীয় মাছ পাওয়া যাচ্ছে।

ঝালকাঠির নলছিটির বাজারে আগুন, পুড়ল ৬ দোকান
গোপালগঞ্জের অস্থিরতায় রুট পরিবর্তন করে বেনাপোলে গেল ট্রেন
এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর রাজ ও রায়হানের পাশে ইউএনও