শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Logo
×

এক ইনিংসে ঝলক, পরের দফায় ধস

Icon প্রথম সমাচার ডেস্ক

সর্বশেষ ইপেপার জুলাই বিপ্লব জাতীয় বাণিজ্য রাজনীতি সারা দেশ বিনোদন বিশ্ব খেলা ইসলাম ও জীবন ফিচার আমার দেশ পরিবার ৪০০ রান! টেস্টে লড়াইয়ের জন্য যথেষ্ট পুঁজি। ওয়ান্ডারার্সে প্রথম ইনিংসে ৪০০ রান তুলে এর আগে কোনো দল টেস্ট হারেনি। সেই অক্ষত ইতিহাসে এবার প্রথম হারের দাগ আঁকল বাংলাদেশ। আরো বিস্ময়কর হলোÑ৪০০ রানের প্রথম ইনিংসের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ২৬ বছরের পুরোনো। ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টেও প্রথম ইনিংসে ঠিক ৪০০ রান তুলেছিল বাংলাদেশ। পরের ইনিংসে থেমেছিল মাত্র ৯০ রানে। ২৬ বছর পর জোহানেসবার্গে আবারও প্রথম ইনিংসে ৪০০। এবার দ্বিতীয় ইনিংসে ১৬৮! মাঝখানে পেরিয়েছে এক প্রজন্ম, বদলেছে ক্রিকেটের অনেক হিসাব। কিন্তু বদলায়নি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পুরোনো রোগ। এক ইনিংসে সম্ভাবনার ঝলক, পরের ইনিংসে ধস! ভেঙেচুরে পড়া আর কি!

ম্যাচ বাঁচাতে শেষদিন সকালে দরকার ছিল চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা। দরকার ছিল ব্যাট হাতে প্রতিরোধের দেয়াল। কিন্তু সাইমন হার্মারের অফস্পিনে সেই দেয়াল ভেঙে পড়ল তাসের ঘরের মতো। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেল ১৬৮ রানের মামুলি স্কোরে। ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন দাঁড়ায় মাত্র ১১ রানের। ৯ উইকেটের জয় তুলে নিয়ে দুই ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেল ১-০তে। আর ওয়ান্ডারার্সে বাংলাদেশের ৪০০ রানের লড়াই শেষ পর্যন্ত পরিণত হলো এক নির্মম ব্যর্থতায়!

ম্যাচের প্রথম দিনের প্রথম ইনিংসে বাংলাদেশের শুরুটা বাজে হলেও তাওহিদ হৃদয়ের ১৩৭ আর লিটন দাসের ১২০ রানে কড়া প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। কিন্তু টেস্ট এক ইনিংসের খেলা নয়। দুই ইনিংসেই জমিয়ে খেলতে হয়। নয়তো হারের আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রথম দফার অর্জন। সে অভিজ্ঞতা নিয়েই ওয়ান্ডারার্স থেকে ফিরছে বাংলাদেশ।

পঞ্চম দিন বাংলাদেশের শুরু হয়েছিল পাঁচ উইকেটে ১০০ রানে। ভরসা ছিলেন লিটন। নতুন ওভারের প্রথম বলে চার মেরে পরের ফুল লেংথ বলেও ড্রাইভের লোভ সামলাতে পারলেন না। ব্যাটের ভেতরের কানা লেগে স্টাম্প ভাঙল। ৩৮ বলে ৩৯ রানে ফিরলেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান। ম্যাচ বাঁচানোর দিনে সময় কাটানোই ছিল আসল কাজ। অথচ সে সময়টাই কেউ দিলেন না। ধৈর্য ধরার দায়িত্বটা ছিল পুরো ব্যাটিং লাইনআপের।

লিটন ফেরার পর মুশফিকুর রহিম আর মেহেদী হাসান মিরাজ ইনিংস ব্যবধানে হার এড়ালেন। কিন্তু দুজনকে কখনই স্বচ্ছন্দ মনে হয়নি। পানি-বিরতির পর বাকি চার উইকেট একাই নিলেন হার্মার। ক্রিজ ছেড়ে এগিয়ে ডিফেন্ড করতে গিয়ে গ্লাভস আর প্যাড ছুঁয়ে ক্যাচ উঠল। শর্টলেগে ধরা পড়লেন মুশফিক। পরের ওভারে মিরাজ কোনো কারণ ছাড়াই ক্রিজ ছেড়ে বড় শট খেলতে গিয়ে স্টাম্পড হলেন ১৫ রানে। এরপর হাসান মাহমুদ শর্ট লেগে আর ইবাদত হোসেন গভীর মিডউইকেটে ক্যাচ দিলেন। লিড দাঁড়াল মোটে ১১ রানের।

স্পিনার হার্মার ৫১ রানে নিলেন ছয় উইকেট। ক্যারিয়ারে চতুর্থবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি। রাবাদা নিলেন আট উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের টেস্টেও চতুর্থ ইনিংসে ছয় উইকেট নিয়েছিলেন হার্মার। তার ঘূর্ণি বাংলাদেশের অজানা থাকার কথা নয়। ভুলগুলো তাই কারিগরি ছিল না, ছিল মনোযোগের।

এ ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ নেমেছিল মাত্র চার বোলার নিয়ে। সিদ্ধান্তটা যে ভুল ছিল, তার প্রমাণ স্কোরবোর্ডেই লেখা। দক্ষিণ আফ্রিকা তুলল ৫৫৭ রান। ওপেনার মার্কাস অ্যাকারম্যান করলেন ১৫৭, রিকেলটন ১০২। হাসান মাহমুদ ১১৮ রান দিয়ে নিলেন চার উইকেট। প্রথম ইনিংসে ১৫৭ রানের বড় লিড পেল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলাররা ক্লান্তিতে কাহিল। লেজের সারির ব্যাটারদের সহায়তায় দক্ষিণ আফ্রিকার ১৫৭ রানের লিডই এ ম্যাচের বাকি ভাগ্য পরিষ্কার করে দেয়।

প্রশ্ন উঠেছে, এ ম্যাচে পেসার ইবাদত হোসেন কোন ভূমিকায় খেলেছেন? দলের ১২৪.১ ওভারের মধ্যে তিনি বোলিং করলেন মাত্র ১৪ ওভার। তাকে ভরসা করা না গেলে চার বোলারের দলে রাখা হলো কেন? ভরসা করা গেলে এত কম বল তার হাতে কেন? চারজনের আক্রমণে একজনকে কম ব্যবহার করা মানে বাকিদের ঘাড়ে বাড়তি বোঝা চাপানো। পাঁচ দিনের টেস্টে এ হিসাব টেকে না।

দক্ষিণ আফ্রিকার সাত উইকেট ৩৭৬ রানে তুলে নিয়ে বাংলাদেশ মনে করল তাদের কাজ বোধ করি শেষ। কিন্তু শেষ তিন উইকেটে স্বাগতিকরা আরো ১৮১ রান যোগ করল। মূলত ওখানেই ম্যাচ থেকে ছিটকে গেল বাংলাদেশ। বোলিংয়ে শৃঙ্খলা ছিল না। ফিল্ডিংয়েও তা-ই। ক্যাচ পড়ল। আর সেই ক্যাচ মিসের সুযোগে বোলার কাগিসো রাবাদা ক্যারিয়ারসেরা ৭২ রান তুলে নিলেন। অতিরিক্ত খাতে বাংলাদেশ খরচ করল ৩১ রান!

ব্যাটিং, বোলিং আর শৃঙ্খলাÑতিন জায়গাতেই খামতি। এই হার তাই কেবল দুর্ভাগ্যেরই নয়, সামর্থ্যের প্রশ্নও তুলেছে।

এই হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচে ৪০.৫৭ শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচেই রইল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় টানা ৯ টেস্টে হারল দল। প্রোটিয়াদের বিপক্ষে ১৭ ম্যাচে এটি ১৫তম পরাজয়।

গত সোমবার সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট। সেখানে ইনিংসের শুরু আর শেষÑদুটোই ঠিক করতে হবে। ঘুরে দাঁড়ানোর সময় খুব বেশি নেই। এক ইনিংসের ৪০০ দিয়ে সামান্য প্রশংসা পাওয়া যায়, টেস্ট ম্যাচ জেতা নয়। ওয়ান্ডারার্স থেকে অনেক দিনের পুরোনো সেই শিক্ষাটা ফের শিখল বাংলাদেশ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com